ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সিডনি টেস্টের প্রথম দিনটি ছিল নাটকীয়। ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। তবে সবুজ পিচে অস্ট্রেলিয়ার পেস ত্রয়ীর তোপে ভারত মাত্র ১৮৫ রানে গুটিয়ে যায়। দিন শেষে বুমরাহের শেষ বলের জাদুতে অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৯ রান।
অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড বল হাতে দুর্দান্ত ছিলেন। তার ২০ ওভারে ৪ মেইডেনসহ ৩১ রানে ৪ উইকেট শিকার করেন। নিখুঁত লেংথ ও ধারালো সুইং দিয়ে তিনি ভারতের টপ অর্ডারকে ছিন্নভিন্ন করেন। শুরুতে ইয়াশস্বী জয়সওয়ালকে (১০) সাজঘরে ফেরান বোল্যান্ড। এরপর ধীরে ধীরে ফাঁদে ফেলেন বিরাট কোহলিকে (১৭)। বোল্যান্ড এই সিরিজে চতুর্থবার কোহলিকে আউট করেন।
ভারতের হয়ে ঋষভ পন্ত (৪০) ও রবীন্দ্র জাদেজা (২৬) কিছুটা প্রতিরোধ গড়েন। তবে বোল্যান্ডের ডাবল স্ট্রাইকে পন্ত ও নীতিশ কুমার রেড্ডি দ্রুত ফেরার পর ভারতের ইনিংস ভেঙে পড়ে। পন্ত তার স্বাভাবিক আক্রমণাত্মক ভঙ্গি বদলে রক্ষণাত্মক ছিলেন, তবে স্টার্ক ও কামিন্সের শর্ট পিচ বল সামলাতে বেশ ভুগেছেন।
বুমরাহ শেষ পর্যন্ত ব্যাট হাতে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন এবং বল হাতে দিন শেষ করেন উসমান খাজাকে আউট করে। তবে মাঠে সাম কনস্টাসের সঙ্গে তার উত্তপ্ত বাকবিতণ্ডা দিনটি আরও রোমাঞ্চকর করে তোলে।
সিডনির সবুজ পিচে দ্বিতীয় দিনে কী নাটক অপেক্ষা করছে, সেটিই এখন দেখার বিষয়।







