দিল্লির আন্দোলনের আঁচ এবার কলকাতাতেও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ, মঙ্গলবার কলকাতায় মিছিলের ডাক দিয়েছে কালীঘাটপন্থী তৃণমূল। রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত এই মিছিল হওয়ার কথা। মিছিলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও থাকতে পারেন বলে জল্পনা রয়েছে। ইতিমধ্যেই এই কর্মসূচির সমর্থনে প্রচারপত্র প্রকাশ করেছে কালীঘাট তৃণমূল। উৎসবের আবহে এই মিছিল ঘিরে শহরে রাজনৈতিক উত্তাপও ক্রমশ বাড়ছে। পালটা মমতাপন্থীদের কর্মসূচি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুর্গাপুজোর সময়ে কোনও ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। একইসঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকেও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এসআইআরকে কেন্দ্র করে ভোটে কারচুপির অভিযোগ উঠেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। তাঁর পদত্যাগের দাবিতে একজোট হয়েছে বিরোধী শিবির। এই ইস্যুতে একাধিকবার উত্তপ্ত হয়েছে দিল্লি। জ্ঞানেশ কুমারকে ঘিরে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিষয়টিতে হস্তক্ষেপ চেয়ে তিনি পিটিশন দায়ের করেছেন। মঙ্গলবার সেই মামলার শুনানি হতে পারে শীর্ষ আদালতে।
এরই মধ্যে কলকাতায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে কালীঘাট তৃণমূল। ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রচারপত্র। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ আনা হয়েছে। দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক এবং তরুণ প্রজন্মের উপর অত্যাচারের অভিযোগও প্রচারপত্রে তুলে ধরা হয়েছে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষকে পথে নামার আহ্বান জানানো হয়েছে। শুধু কলকাতা নয়, জেলায় জেলায়ও এই কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে বলে খবর।
এই পরিস্থিতিতেই সোমবার রাতে কড়া অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় একটি পুজোর উদ্বোধনে গিয়ে তিনি বলেন, “বেরোতে দেব না। সিপিকে নির্দেশ দিয়েছি, রাজাবাজার থেকে এক পা এগোতে দেব না। প্রয়োজন হলে সেন্ট্রাল ফোর্সও নামাতে বলেছি। বেরোতে দেব না। কোনও বিশৃঙ্খলা করতে দেব না দুর্গা পুজোর সময়ে।”
তবে মঙ্গলবারের এই মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ উপস্থিত থাকবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ মিছিল শুরু হতে পারে। কর্মসূচিকে ঘিরে কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতে সকাল থেকেই পার্ক সার্কাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।







