কানপুরে অনলাইন দেহ ব্যবসা চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ১১
কানপুর: উত্তরপ্রদেশের কানপুরে একটি বড়সড় অনলাইন দেহ ব্যবসা চক্রের হদিস পেল পুলিশ। কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল পান্ডা দুই মহিলা, সাত জন গ্রাহক, এক তরুণী ও দুই নাবালক-সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করত এই চক্র। মেয়েদের ছবি ও প্যাকেজিং রেট পাঠিয়ে চাহিদা অনুযায়ী পরিষেবা দিত তারা। শুধু দেশীয় নয়, চক্রের সঙ্গে রাশিয়ান মহিলাদের যোগ থাকারও প্রমাণ মিলেছে বলে দাবি তদন্তকারীদের।
এছাড়া, চক্রের সঙ্গে যুক্ত ছিল একাধিক কলেজ পড়ুয়াও। গ্রাহকদের ‘লোকেশন’ না থাকলে, চক্রের পক্ষ থেকেই ভাড়া দেওয়া হতো ‘কিউবিকল’ নামক ছোট ছোট ঘর—৫০০ টাকায় দু’ঘণ্টার জন্য। পুলিশের অভিযানে এক বাড়ির বেসমেন্ট থেকে এমন একাধিক ঘরের খোঁজ মিলেছে।
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিভিন্ন আপত্তিকর সামগ্রী। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কপিল দেব সিং জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে অনৈতিক দেহ ব্যবসা প্রতিরোধ আইনে মামলা রুজু হয়েছে। পুরো চক্রে আর কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে।







