পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটিয়ে কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার হাত ধরে রাজ্যে ফিরছে শীতের আমেজ। ১৫ থেকে ১৪ ঘরে নামল কলকাতার পারদ। শনিবারের মধ্যে আরও পারদ পতনের পূর্বাভাস। শীতের লাস্ট ইনিংসে একদিনের জন্য কলকাতার পারদ ১৩ ডিগ্রির ঘরে নামার সামান্য সম্ভাবনা। খুব বেশি জাঁকিয়ে না হলেও শনি থেকে মঙ্গলবার শীতের আমেজ ফিরবে রাজ্যে।
দক্ষিণবঙ্গে সব জেলায় সামান্য করে পারদ পতন ঘটছে। প্রায় সব জেলাতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই। শনিবার আরো সামান্য পারদ পতনের ইঙ্গিত গোটা দক্ষিণবঙ্গে।
অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুরে জেলাতে ঘন কুয়াশার দাপট। বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারে নিচে থাকবে। উত্তরবঙ্গে শীতের আমেজ বহাল। শুক্রবারের পর সেই আমেজ আরো সামান্য বাড়তে পারে।
আজ কলকাতার আবহাওয়া থাকবে,দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা ১৫.৪ থেকে নেমে ১৪.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.১ থেকে সামান্য বেড়ে ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৫ শতাংশ।







