ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহান্তের পরিকল্পনায় জল ঢালতে পারে আবহাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলায়।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সকালের দিকে দক্ষিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হয়েছে। দিনভর দফায় দাফায় সেই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ দক্ষিণবঙ্গের উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পূর্ব বর্ধমান ও পশ্চিমের বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই জেলাগুলিতে থাকবে ঝোড়ো হাওয়া দাপট।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত আগামী কয়েক দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কম।
আজ কলকাতা কেমন থাকবে?
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।







