কলকাতা

আজ ভোর ৪টে থেকে রাত ১০টা— কলকাতার বহু রাস্তায় যান নিয়ন্ত্রণে লালবাজারের বিজ্ঞপ্তি

আরজি কর-কাণ্ডের এক বছরের প্রেক্ষিতে শনিবার ‘নবান্ন অভিযান’-এর ডাক ঘিরে প্রস্তুতি তুঙ্গে কলকাতা পুলিশের। লালবাজার জানিয়েছে, ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এই সময় জরুরি পরিষেবার গাড়ি ছাড়া কোনও ধরনের পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারবে না।

যান নিয়ন্ত্রণ থাকবে বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, তারাতলা রোড, সার্কুলার গার্ডেনরিচ রোড, হাইড রোডে। পাশাপাশি জওহরলাল নেহরু রোড, আরআর অ্যাভিনিউ, রেড রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, এজেসি বোস রোড, এসএন ব্যানার্জি রোড, এমজি রোড, ব্র্যাবোর্ন রোড এবং হাওড়া সেতুতেও কড়া নিয়ন্ত্রণ থাকবে।

নবান্ন অভিযানে যাতে কোনও অশান্তি না হয়, সে জন্য ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে বসানো হচ্ছে স্টিলের ব্যারিকেড, কন্টেনার ও জলকামান। বিশেষ নজর দেওয়া হচ্ছে বিদ্যাসাগর সেতুতে— সেতুতে ওঠার সব রাস্তায় থাকবে ব্যারিকেড। টার্ফ ভিউ রোড, হেস্টিংস মাজার, ফারলং গেট ও খিদিরপুর রোডে অ্যালুমিনিয়ামের গার্ডওয়াল বসানো হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, গত বছরের নবান্ন অভিযানে ব্যারিকেড ভাঙা, ভাঙচুর, বাইকে আগুন লাগানো, আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে বহু আহত হওয়ার ঘটনা ঘটেছিল। এ বছরও একই ধরনের পরিস্থিতির আশঙ্কা করছে প্রশাসন। তাই বিক্ষোভকারীদের মোকাবিলায় দলবদ্ধ হয়ে মোতায়েন থাকবে পুলিশকর্মীরা।

‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’-এর ডাকা এই নবান্ন অভিযানকে সমর্থন জানিয়েছে বিজেপিও। আরজি কর-কাণ্ডে দ্রুত বিচার ও দায়ীদের শাস্তির দাবিতেই এই কর্মসূচি। অভিযানের বৈধতা নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হলেও, আদালত জানিয়ে দিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ সকলের মৌলিক অধিকার। ফলে পুলিশের ওপর দায়িত্ব পড়েছে আইনশৃঙ্খলা বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের।

শনিবার শহরবাসীর জন্য সবচেয়ে বড় বার্তা— নির্ধারিত সময়ে যাতায়াতের আগে বিকল্প পথ ও সময়ের পরিকল্পনা করে বেরোতে হবে, নইলে পড়তে হতে পারে দীর্ঘ যানজটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.