টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ বিদায় নেওয়ার পর ফের বিতর্কে রোহিত শর্মা। যদিও বিদায়ের সময় কোনও শরীরিক সমস্যার কথা উল্লেখ করেননি ভারতীয় অধিনায়ক, তবে এবার সরাসরি তাঁর ফিটনেস নিয়েই প্রশ্ন তুললেন ইংল্যান্ড ও কেকেআরের অলরাউন্ডার মইন আলি। একদিকে যেমন রোহিতের ব্যাটিং দক্ষতার তারিফ করেছেন মইন, তেমনি অন্যদিকে ফিটনেস নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি।
মইন স্পষ্ট ভাষায় বলেন, ‘‘রোহিতের প্রতিভা ঈশ্বরপ্রদত্ত। ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে। নিজের সেরা সময়ে ওর ধারেকাছে কেউ ছিল না।’’ কিন্তু প্রশংসার রেশ কাটতে না কাটতেই উঠে আসে সেই চিরচেনা প্রশ্ন—‘‘কিন্তু ওর ফিটনেস সমস্যা রয়েছে। অনেক আগেই যদি ও নজর দিত, আরও লম্বা সময় খেলা যেত।’’
রোহিত গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আন্তর্জাতিক কুড়ি-বিশে অবসর নেন। এবার টেস্ট থেকেও সরে দাঁড়িয়েছেন। একমাত্র ওয়ানডেতেই এখন নজর তাঁর। বিশেষজ্ঞদের মতে, টেস্টের পাঁচ দিনের ধকল সামলানো রোহিতের জন্য কঠিন হয়ে উঠছিল। ফলে ফিটনেসই তাঁর অবসরের মূল কারণ হয়ে দাঁড়ায়।
মইনের বক্তব্য কি নিছক মতামত, না কি ঘুরিয়ে রোহিতের সিদ্ধান্তের পেছনের বাস্তব কারণকে সামনে আনার চেষ্টা? এই মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে। কারণ, প্রতিভা যেমন প্রশংসা পায়, তেমনি ফিটনেসের অভাব মাঝেমধ্যেই ক্যারিয়ারে টেনে আনে অকাল সূর্যাস্ত।







