রাজ্যের স্কুলগুলিতে মিড-ডে মিল প্রকল্পে ইসকনের ভূমিকা নিয়ে বিতর্কের আবহে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তাঁর বক্তব্য, শুধুমাত্র ডিম থেকেই পুষ্টি পাওয়া যায়— এমন ধারণা সঠিক নয়। নিরামিষ খাদ্য থেকেও প্রয়োজনীয় পুষ্টি মিলতে পারে বলে দাবি করেন তিনি।
সম্প্রতি বিধানসভায় পেশ হওয়া রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে, কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে পরীক্ষামূলকভাবে ‘পিএম পোষণ’ প্রকল্পের অধীনে মিড-ডে মিলের দায়িত্ব দেওয়া হবে ইসকনকে। এরপর থেকেই বিরোধীদের পাশাপাশি শিক্ষক মহলের একাংশের মধ্যে প্রশ্ন উঠেছে, এর ফলে স্কুল পড়ুয়াদের খাদ্যতালিকায় ডিমের মতো প্রচলিত প্রোটিনের উৎস বাদ পড়তে পারে কি না।
এই প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলশিক্ষা মন্ত্রী বলেন, ‘‘ডিমই পুষ্টির একমাত্র উৎস নয়। বিশ্বের বহু মানুষ নিরামিষ খাবার খেয়েই সুস্থভাবে জীবনযাপন করেন। আপাতত কলকাতায় এটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হচ্ছে। সফল হলে ভবিষ্যতে রাজ্যের আরও জায়গায় এই ব্যবস্থা চালু করা হতে পারে।’’
অন্যদিকে, শিক্ষকদের একাংশের দাবি, বহু স্কুলে সপ্তাহে নির্দিষ্ট দিনে ডিম দেওয়া হয় এবং পড়ুয়ারাও সেই খাবারের জন্য অপেক্ষা করে। তাই খাদ্যতালিকায় বড় পরিবর্তন এলে তার প্রভাব পড়তে পারে শিশুদের উপর, বিশেষত নিম্ন আয়ের পরিবারের পড়ুয়াদের ক্ষেত্রে।
এদিকে আরেকটি বড় প্রশ্ন উঠেছে মিড-ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ভবিষ্যৎ নিয়ে। বিভিন্ন স্কুল ও কমিউনিটি কিচেনে রান্নার কাজে যুক্ত বহু মহিলার জীবিকা এই প্রকল্পের উপর নির্ভরশীল। ইসকনের হাতে দায়িত্ব গেলে তাঁদের কর্মসংস্থানে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
তবে এ বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, রাঁধুনিদের ভাতা বৃদ্ধির ব্যবস্থা বাজেটেই করা হয়েছে। প্রকল্প চালু হওয়ার পর যদি কোনও সমস্যা দেখা দেয়, তাহলে আলোচনা করে তার সমাধানের পথ খোঁজা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
কলকাতায় পরীক্ষামূলকভাবে শুরু হতে চলা এই উদ্যোগ ভবিষ্যতে রাজ্যের অন্যান্য জেলাতেও সম্প্রসারিত হতে পারে বলে ইঙ্গিত মিলেছে শিক্ষা দফতরের বক্তব্যে। ফলে মিড-ডে মিলের মেনু, পুষ্টি ও কর্মসংস্থান— এই তিনটি বিষয় ঘিরে বিতর্ক আরও জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।







