শিনা বোরা হত্যাকাণ্ডে নাম জড়িয়ে সাত বছর কারাবাসের পর বর্তমানে জামিনে মুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় ফের আলোচনায়। মঙ্গলবার সিবিআইয়ের বিশেষ আদালতে তাঁর দ্বিতীয় পক্ষের মেয়ে বিধি মুখোপাধ্যায় অভিযোগ করেন, ইন্দ্রাণীর গ্রেপ্তারের পরই পিটার মুখোপাধ্যায়ের দুই ছেলে রাহুল ও রবিন সুযোগ নিয়ে তাঁর মায়ের সম্পত্তি হাতিয়ে নেন। বিধির বক্তব্য অনুযায়ী, তাঁদের আর্থিক অবস্থা সে সময় ভেঙে পড়েছিল এবং টাকার জন্য তাঁরা মরিয়া ছিলেন। তাই কয়েক কোটি টাকা নগদ এবং প্রায় সাত কোটি টাকার সোনা-গয়না নিয়ে নেন দুই সৎভাই। বিধি স্পষ্ট জানান, ইন্দ্রাণীর নিজের কাছে কোনও টাকাপয়সা জমা ছিল না। যদিও পিটার এই লেনদেন বা ঘটনায় কিছু জানতেন না বলে বিধি আদালতকে অবহিত করেন।
বিধি আদালতে হাজির হলেও নিজের বয়ান রেকর্ড করতে অস্বীকার করেন। তাঁর অভিযোগ, তদন্ত চলাকালীন তিনি নাবালিকা ছিলেন এবং সেই সময় তাঁকে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে ফেলা হয়। মুম্বই পুলিশ ও সিবিআই তাঁকে জোর করে একাধিক নথিতে সই করাতে বাধ্য করে, এমনকি তাঁর বয়ান বিকৃত ও জালিয়াতি করা হয় বলেও দাবি করেন তিনি। উল্লেখ্য, ইন্দ্রাণীর প্রথম স্বামী সিদ্ধার্থ দাসের সন্তান ছিলেন শিনা ও মিখাইল। পরে সঞ্জয় খান্নাকে বিয়ে করে বিধির জন্ম দেন ইন্দ্রাণী। সেই সম্পর্ক ভেঙে তিনি পিটার মুখোপাধ্যায়কে বিয়ে করেন, যাঁর আগের পক্ষের সন্তান রাহুল ও রবিন। শিনা বোরা ২০১২ সালে নিখোঁজ হন এবং ২০১৫ সালে গাড়িচালকের স্বীকারোক্তিতে তাঁর হত্যাকাণ্ড প্রকাশ্যে আসে। এর পর ইন্দ্রাণী ও পিটার গ্রেপ্তার হন। এখন সম্পত্তি সংক্রান্ত নতুন এই অভিযোগ ফের ইন্দ্রাণীর পরিবারকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।







