মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবিববার সন্ধ্যায় ক্রিকেট প্রেমীরা এক বিরল দৃশ্যের সাক্ষী হয়েছেন। ভারতের তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা ৫৪ বলে ১৩৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে ইংল্যান্ডকে ধ্বংসস্তূপে পরিণত করেছেন। গ্যালারিতে তখন একটাই সুর—”অভিষেক! অভিষেক!”
প্রথম থেকেই তার ব্যাট ছিল আগ্রাসী। মার্ক উডের ১৫০ কিমি গতির বাউন্সার হোক বা জোফ্রা আর্চারের ক্ষিপ্র ডেলিভারি—সবকিছুকে অবলীলায় বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন তিনি। সুনিপুণ স্ট্রোকপ্লে, মোহনীয় টাইমিং আর নিখুঁত ব্যাট সুইং মিলিয়ে তার ইনিংস ছিল এক কথায় শিল্পের মতো। ৩৭ বলে শতক পূর্ণ করার পর তিনি যখন হেলমেট খুলে দর্শকদের দিকে চুম্বন ছুড়ে দেন, তখন পুরো স্টেডিয়াম উন্মাদনায় ফেটে পড়ে।
অধিনায়ক জস বাটলার স্বীকার করলেন, “এমন ধ্বংসাত্মক ব্যাটিং আমি খুব কমই দেখেছি। আমরা ওকে থামানোর চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।” গৌতম গম্ভীরও বললেন, “আমি এত মানসম্পন্ন বোলিংয়ের বিরুদ্ধে এত নিখুঁত টি-টোয়েন্টি ইনিংস খুব কমই দেখেছি।”
শুধু ব্যাটিং নয়, বল হাতেও অভিষেক দুই উইকেট নিয়েছেন। তার একার সংগ্রহ ইংল্যান্ডের পুরো দলের চেয়ে ৩৮ রান বেশি! মুম্বাইয়ের বাতাসে সেদিন শেন ওয়াটসনের ১১৭* বা জয়াসুরিয়ার ১১৪* ভুলে গিয়ে ক্রিকেটপ্রেমীরা শুধু একটাই নাম জপেছে—অভিষেক শর্মা!







