২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো ভারতীয় ম্যাচ অফিসিয়াল থাকছেন না। ভারতের দুই সম্ভাব্য প্রতিনিধি—অভিজ্ঞ ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এবং এলিট প্যানেলের আম্পায়ার নিতিন মেনন—আইসিসির সঙ্গে পারস্পরিক সমঝোতার মাধ্যমে পাকিস্তানে ম্যাচ পরিচালনা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক হলেও ভারত-পাকিস্তান রাজনৈতিক টানাপোড়েনের কারণে ‘হাইব্রিড মডেল’ অনুসারে ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। যেহেতু দুবাইতে আয়োজিত ভারতীয় ম্যাচগুলোতে নিরপেক্ষ আম্পায়ার থাকবেন, তাই ভারতীয় আম্পায়ারদের ম্যাচ পরিচালনার সুযোগ থাকছে না। ভবিষ্যতে ভারত আয়োজিত আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে।
আইসিসির ঘোষিত ১২ সদস্যের আম্পায়ার প্যানেলে রয়েছেন কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, মাইকেল গফ, পল রেইফেল, আহসান রাজা, শারফুদ্দৌলা, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ ও জোয়েল উইলসন। পাকিস্তানের একমাত্র প্রতিনিধি হিসেবে রয়েছেন আহসান রাজা।
ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ডেভিড বুন, রঞ্জন মাদুগালে ও অ্যান্ড্রু পাইক্রফট। আইসিসির সিনিয়র ম্যানেজার (আম্পায়ার ও রেফারি) শন ইজি বলেন, “আমরা সবসময় যোগ্য ও অভিজ্ঞ অফিসিয়ালদের নির্বাচিত করি, তারা সেরা মানের ম্যাচ পরিচালনা করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”







