ভারতীয় সংবিধানের দশম তফসিল এবং ১৯৮৫ সালের ‘সদস্যদের দলত্যাগজনিত অযোগ্যতা নির্ধারণ’ সংক্রান্ত নিয়ম মেনে ২০ জন বিদ্রোহী সাংসদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দায়ের করা রিট পিটিশনের শুনানিতে আদালত সংশ্লিষ্ট ২০ জন সাংসদের ঠিকানায় নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরই লোকসভা স্পিকারের সচিবালয় থেকে ২০ জন এনসিপিআই সাংসদের উদ্দেশে নোটিস জারি করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁদের বক্তব্য বা জবাব জমা দিতে বলা হয়েছে।
সংসদীয় প্রক্রিয়া অনুযায়ী পাঠানো ওই নোটিসে বলা হয়েছে, লোকসভায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ১৮ জুন সংবিধানের দশম তফসিল এবং ১৯৮৫ সালের লোকসভা সদস্যদের (দলত্যাগজনিত অযোগ্যতা) নিয়মাবলীর ৬ নম্বর ধারা অনুযায়ী একটি আবেদন জমা দিয়েছিলেন। সেই আবেদনের একটি কপি বর্তমানে লোকসভা স্পিকারের বিবেচনাধীন রয়েছে। নোটিস পাওয়ার পরবর্তী সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট ২০ সাংসদকে তাঁদের বক্তব্য বা প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছে।
রাজনৈতিক দলবদল রুখতে ভারতীয় সংবিধানে দশম তফসিল বা ‘অ্যান্টি-ডিফেকশন ল’ সংযোজন করা হয়েছিল। কোনও নির্বাচিত সাংসদ বা বিধায়ক স্বেচ্ছায় নিজের দলের সদস্যপদ ত্যাগ করলে, অথবা দলের নির্দেশ কিংবা হুইপ অমান্য করে ভোট দিলে তাঁর বিরুদ্ধে এই আইনের আওতায় সদস্যপদ খারিজের আবেদন করা যায়।
লোকসভার ক্ষেত্রে দলত্যাগ সংক্রান্ত আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পিকারের হাতে থাকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি স্পিকারের কাছে পৌঁছনোর পর নিয়ম মেনেই অভিযুক্ত সাংসদদের বক্তব্য জানার জন্য এই নোটিস জারি করা হয়েছে।
সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দায়ের করা অভিষেকের রিট পিটিশনটি প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনের বেঞ্চে শুনানির জন্য ওঠে। শুনানির সময় সলিসিটর জেনারেলের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি বাগচী স্পষ্ট করে বলেন, বিষয়টি শুধু নোটিস জারির মধ্যে সীমাবদ্ধ নয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে পুরো প্রক্রিয়া সম্পন্ন করাটাই গুরুত্বপূর্ণ।
শুনানির সময়ে অভিযুক্ত সাংসদদের নোটিস দেওয়ার বিষয়টি সামনে এলেও সলিসিটর জেনারেল আদালতের কাছে আবেদন করেন, যাতে স্পিকার বা তাঁর দফতরকে আলাদা করে নোটিস না পাঠানো হয়। তিনি জানান, স্পিকারের হয়ে তিনিই আদালতে উপস্থিত থাকবেন। পাশাপাশি তাঁর কাছে এমন নির্দেশ রয়েছে বলেও জানান যে, স্পিকার ইতিমধ্যেই সদস্যপদ খারিজের আবেদনের ভিত্তিতে নোটিস জারি করেছেন। এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপরই আদালত ২০ জন বিদ্রোহী সাংসদের ঠিকানায় নোটিস পাঠানোর নির্দেশ দেয়।
তৃণমূলের বক্তব্য, সংশ্লিষ্ট সাংসদরা দলের প্রতীকেই নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে অন্য রাজনৈতিক জোটে যোগ দেওয়ায় তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য হওয়া উচিত। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা স্পিকার ওম বিড়লার কাছেও পৃথকভাবে ওই সাংসদদের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানিয়েছিলেন। এমনকি বর্ষাকালীন অধিবেশন চলাকালীন স্পিকার এই ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের জন্য পৃথক আসনের ব্যবস্থাও করেছিলেন।
এখন নোটিস পাওয়ার সাত দিনের মধ্যে ২০ সাংসদের জবাব জমা পড়ার পর তাঁদের বক্তব্য খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন লোকসভা স্পিকার। প্রয়োজন হলে শুনানি বা পর্যালোচনার প্রক্রিয়াও শুরু হতে পারে। ফলে স্পিকারের এই নোটিস ঘিরে ফের নতুন করে রাজনৈতিক ও সংসদীয় মহলে জল্পনা শুরু হয়েছে।







