আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুচর্চিত ধর্ষণ-খুন এবং প্রাতিষ্ঠানিক আর্থিক দুর্নীতির মামলাকে ঘিরে ফের উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে এই ঘটনার তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে, এই পরিস্থিতির মধ্যেই জামিনের আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে নোটিস পাঠিয়ে অবস্থান জানতে চেয়েছে শীর্ষ আদালত। জানা গিয়েছে, আগামী সপ্তাহে বিচারপতি এম এম সুন্দ্রেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চে এই মামলার শুনানি হতে পারে।
২০২৪ সালে আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর দেশজুড়ে তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। তদন্তের সময় হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা খতিয়ে দেখার পাশাপাশি তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা প্রাতিষ্ঠানিক আর্থিক অনিয়মের অভিযোগও প্রকাশ্যে আসে। হাসপাতালের চিকিৎসা সামগ্রী কেনার ক্ষেত্রে টেন্ডারে অনিয়ম এবং ঘনিষ্ঠ ব্যক্তিদের নিয়মবহির্ভূতভাবে আর্থিক বরাত পাইয়ে দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে সিবিআই। পরবর্তীতে ধর্ষণ ও খুনের মামলায় জামিন পেলেও আর্থিক দুর্নীতির মামলায় এখনও বিচারাধীন বন্দি হিসেবে রয়েছেন তিনি।
এদিকে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, আরজি কর কাণ্ডের তদন্তে আর কোনও ঢিলেমি বরদাস্ত করা হবে না। চলতি মাসেই অভয়ার বাড়ির কাছাকাছি এলাকায় গিয়ে তিনি মামলাটি নতুন করে সক্রিয় করার নির্দেশ দেন। এরপর অভয়ার পরিবারের পক্ষ থেকে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ-সহ তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজ্য সরকারের তরফে তদন্তে কড়া অবস্থান নেওয়ার আবহে এবার সন্দীপ ঘোষের জামিনের আবেদন সুপ্রিম কোর্টে কী ফল পায়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক ও আইন মহলের।







