দেশ

ভারতে যুদ্ধবিমান তৈরির দৌড়ে রাশিয়া, ফ্রান্স ও সুইডেন — নজর চুক্তির সিদ্ধান্তে

ভারতীয় বায়ুসেনার জন্য ১১৪টি যুদ্ধবিমান কেনার বিশাল প্রকল্পে নড়েচড়ে বসেছে বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা সংস্থাগুলি। প্রতিরক্ষা মন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে ‘মেক ইন ইন্ডিয়া’ শর্ত বাধ্যতামূলক করা হয়েছে — অর্থাৎ বিমানগুলি ভারতের মাটিতেই তৈরি করতে হবে।

রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই তিনটি দেশ—রাশিয়া, ফ্রান্স এবং সুইডেন—ভারতে যুদ্ধবিমান তৈরির প্রস্তাব দিয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও দেশের সঙ্গে চূড়ান্ত চুক্তি করেনি ভারত সরকার।

রাশিয়ার সুখোই-৫৭ এগিয়ে:
খবরে জানা গিয়েছে, রাশিয়া ভারতে পঞ্চম প্রজন্মের সুখোই-৫৭ যুদ্ধবিমান তৈরি করতে প্রস্তুত। দেশীয় প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL)-এর সঙ্গে যৌথভাবে এই উৎপাদন হতে পারে। হ্যালের কাছে ইতিমধ্যেই সুখোই উৎপাদনের অবকাঠামো রয়েছে। মনে করিয়ে দেওয়া যেতে পারে, এর আগেও ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছিল ভারতের মাটিতে।

ফ্রান্সের রাফাল প্রস্তাব:
দাসোঁ এভিয়েশনও ভারতে রাফাল যুদ্ধবিমান তৈরির আগ্রহ দেখিয়েছে। এর আগেই বায়ুসেনার জন্য ফ্রান্স থেকে ৩৬টি রাফাল কেনা হয়েছে, আর সম্প্রতি নৌবাহিনীর জন্য রাফাল এম মডেলের অর্ডারও দিয়েছে কেন্দ্র। ৪.৫ প্রজন্মের এই বিমানগুলি গত মে মাসে ‘অপারেশন সিঁদুর’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল।

সুইডেনের গ্রিপেন, এয়ারবাসের টাইফুন:
সুইডিশ প্রতিরক্ষা সংস্থা সাব (SAAB) তাদের গ্রিপেন যুদ্ধবিমান ভারতে উৎপাদনের প্রস্তাব দিয়েছে। সংস্থাটি ইতিমধ্যেই দেশে বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করছে। পাশাপাশি ইউরোপের এয়ারবাস সংস্থা টাটা সন্সের সহযোগিতায় ভারতের বিমান বাহিনীর জন্য পরিবহণ বিমান তৈরি করছে এবং এখানেই ইউরোফাইটার টাইফুন তৈরির প্রস্তুতিও নিচ্ছে।

আমেরিকার অবস্থান:
অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার প্রস্তাব রয়েছে ভারতের কাছে। তবে এখনও পর্যন্ত ওয়াশিংটন ভারতীয় ভূখণ্ডে বিমান উৎপাদনের ক্ষেত্রে আগ্রহ দেখায়নি।

সব মিলিয়ে, যুদ্ধবিমান উৎপাদনের দৌড়ে এখন কার্যত ত্রিমুখী লড়াই চলছে রাশিয়া, ফ্রান্স ও সুইডেনের মধ্যে। সরকারের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে—কোন দেশের সঙ্গে গাঁটছড়া বাঁধবে ভারত এবং কোথায় তৈরি হবে পরবর্তী প্রজন্মের ভারতীয় যুদ্ধবিমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.