উত্তরপ্রদেশের সীতাপুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। প্রেমে ব্যর্থ হয়ে থানার ভিতরেই আত্মহত্যার চেষ্টা করলেন এক বিবাহিতা মহিলা। জানা গিয়েছে, ওই মহিলার নাম পূজা মিশ্র। দিল্লির বাসিন্দা পূজা বিবাহিতা এবং তাঁর দুই সন্তান রয়েছে— এক জনের বয়স সাত, অপরজনের ছ’বছর।
পুলিশ সূত্রে খবর, পূজার স্বামীর ভাইয়ের ছেলে অলোক মিশ্রের (১৫ বছর ছোট) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি। পারিবারিক এক অনুষ্ঠানে শুরু হয় তাঁদের ঘনিষ্ঠতা। এই অবৈধ সম্পর্কের জেরে পরিবারে অশান্তি চরমে ওঠে। শেষ পর্যন্ত ঝগড়া করে পূজা ও অলোক দু’জনেই বাড়ি ছেড়ে চলে যান। গত সাত মাস ধরে তাঁরা সীতাপুরে একটি বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি পরিবারের তরফে অভিযোগ দায়ের হওয়ায় পুলিশ ওই যুগলকে থানায় ডেকে পাঠায়। সেখানেই ঘটে চাঞ্চল্যকর ঘটনাটি। জানা গিয়েছে, থানায় উপস্থিত পুলিশকর্মীদের সামনেই অলোক স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর এই সম্পর্কে থাকতে চান না। সেই কথা শুনেই রাগে-দুঃখে ব্যাগ থেকে ব্লেড বের করে নিজের হাতে বসিয়ে দেন পূজা মিশ্র। মুহূর্তে থানার ভেতর হইচই পড়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই মহিলা পুলিশকর্মীরা পূজাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি।
থানার ভেতর এমন ঘটনা ঘটায় হতবাক স্থানীয় পুলিশ। কীভাবে এমন বিপজ্জনক জিনিস নিয়ে থানায় প্রবেশ করলেন মহিলা, তা নিয়েও উঠেছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে সীতাপুর পুলিশ।







