কালীপুজোর মরসুমে শব্দবাজি নিয়ে প্রশাসনের নানা সতর্কতা সত্ত্বেও তা যে কার্যত অমান্য হচ্ছে, তার ভয়াবহ উদাহরণ সামনে এল অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ের জীবনে। বাগবাজার অঞ্চলের বাসিন্দা এই জনপ্রিয় অভিনেতা শব্দবাজির ভয়ঙ্কর আওয়াজে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
নিজের অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে শেয়ার করে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। সুরজিতের কথায়, “একটা কাজ করতে বাড়ির উঠোনে নেমেছিলাম। আচমকা এমন এক বাজির শব্দ হল, মনে হল বুক ফেটে যাবে! হাত-পা কাঁপছিল, বুক ধড়ফড় করছিল। সেই সময় বারবার ১০০ নম্বরে ফোন করেছি, কিন্তু কোনও সাহায্য পাইনি।”
অভিনেতা জানিয়েছেন, সম্প্রতি তিনি ইসিজি করিয়ে এসেছেন, যদিও তাঁর বিশেষ কোনও অসুস্থতা ছিল না। কিন্তু বাজির তীব্র শব্দে বুকে ব্যথা ও স্নায়বিক চাপ বেড়ে যায়। পরে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে ওষুধ খান তিনি।
সুরজিৎ আরও বলেন, “অমানবিক কিছু মানুষের কাছে অনুরোধ — অন্তত দয়া করে শব্দবাজি বন্ধ করুন। শুধু মানুষের নয়, পথের পশুদেরও অসহ্য কষ্ট হয়।”
কালীপুজোর আগেই রাজ্যের নানা তারকা, প্রাণপ্রেমী সংগঠন ও চিকিৎসকরা শব্দদূষণ রোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তবু এমন ঘটনার পুনরাবৃত্তি প্রমাণ করছে, নিষেধাজ্ঞা ও সচেতনতার পরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।







