অসুস্থ বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। বিগত ৬দিন ধরে বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিন কয়েক আগে ঠাণ্ডা লেগে জ্বর আসে তাঁর। শ্বাসকষ্টের সমস্যা শুরু হলে সরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রভাত রায়কে। জানা যাচ্ছে, বর্ষীয়ান পরিচালকের কিডনির সমস্যাও রয়েছে, তাই আচমকাই নাকি ক্রিয়েটিনিন বেড়ে যায়। ফলে চিকিৎসকের পরামর্শে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালককে।
প্রভাত রায়ের অসুস্থতা প্রসঙ্গে সমাজমাধ্যমে জানিয়েছেন তাঁর আত্মজীবনীর সহ লেখক এবং টলিপাড়ার প্রচার অঙ্কন শিল্পী একতা ভট্টাচার্য জানান, ‘আমার বাবি, প্রভাত রায় ঠান্ডা, ইনফ্লুয়েঞ্জা এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত ছ-দিন ধরে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁর পুরনো কিডনির সমস্যা থাকায় ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছিল। পরে ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে তাঁকে শহরে এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই তাঁর প্রথম কিডনি ডায়ালিসিস করা হয়েছে। এখন আপাতত তিনি ভালো রয়েছেন।… তাঁর আত্মজীবনী প্রকাশের তারিখের কোনও পরিবর্তন করা হয়নি। সকলে বাবির সুস্বাস্থ্যের কামনা করুন।’







