বিনোদন

ছেলের জন্ম শংসাপত্রে ধর্মের উল্লেখ নেই! ধর্মীয় বিভাজন নয়, মানবিকতার পাঠ দিতে চান বিক্রান্ত মাসে

‘টুয়েলফ্‌থ ফেল’ সিনেমায় মনোজ শর্মার চরিত্রে নজরকাড়া অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন বিক্রান্ত মাসে। ওই চরিত্রের মতোই কঠিন সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা বিক্রান্তের নিজের জীবনও কম রঙিন নয়। সম্প্রতি ছেলের জন্মশংসাপত্রে ধর্মের জায়গা ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়ে ফের শিরোনামে অভিনেতা। গত বছর বাবা হয়েছেন বিক্রান্ত। একরত্তি ছেলে বেদান্তের বয়স এখন এক বছর পূর্ণ। ছেলের জন্মের পর শংসাপত্রে ধর্মের অংশটি ফাঁকা রেখেছেন তিনি। কারণ জানিয়ে বিক্রান্ত বলেছেন,”সরকারি নথিতে ধর্মের উল্লেখ বাধ্যতামূলক নয়। আর ধর্ম এমন কিছু নয় যা জোর করে চাপিয়ে দেওয়া যায়।”

পরিবারের ধর্মীয় পটভূমিও তার অন্যতম কারণ। বিক্রান্তের বাবা খ্রিস্টান, মা শিখ। ভাই মাত্র ১৭ বছর বয়সে ইসলাম গ্রহণ করে নাম বদলে রাখেন মইন। আর বিক্রান্ত নিজে হিন্দু আচার-অনুষ্ঠান মানেন। এই ভিন্ন ধর্মবিশ্বাসের জন্য বহুবার সমালোচনার মুখেও পড়েছে তাঁদের পরিবার। তবু তা নিয়ে কখনও বিরক্ত হননি বিক্রান্ত। বরং একাধিক ধর্মের রীতিনীতি ঘনিষ্ঠভাবে দেখার অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে,”মানুষ বড়ো হলে নিজেই ঠিক করুক তার বিশ্বাস কোন পথে যাবে।”

বিক্রান্তের স্ত্রীও হিন্দু, বিয়েও হিন্দু রীতি মেনে হয়েছে। তবু ছেলের ধর্মের বিষয়টি ছেড়ে দিয়েছেন ছেলের নিজের সিদ্ধান্তের ওপর। অভিনেতার স্পষ্ট বক্তব্য,”আমার সন্তান যদি কখনও ধর্ম নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করে, তা হলে সবচেয়ে বেশি কষ্ট পাব আমি।” মন্দির, মসজিদ, গির্জা সবখানেই সমান শ্রদ্ধা রয়েছে তাঁর, জানিয়েছেন বিক্রান্ত। বিশ্বাস করেন, শান্তি সব জায়গাতেই মেলে, যদি মন থেকে খুঁজতে জানা যায়। ছেলে বেদান্তকেও সেই মানসিকতা নিয়েই বড়ো করতে চান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.