বলিউড সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পর পর দু’দিন দুই অনুপ্রবেশকারীর হানা। এই ঘটনা নতুন করে চিন্তায় ফেলেছে খান পরিবারকে। কড়া নিরাপত্তার বেষ্টনী ভেদ করে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠেছে সব মহলে।
প্রথম ঘটনাটি ঘটে গত ১৯ মে। ইশা ছাবড়া নামের এক মহিলা হঠাৎ করেই অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েন এবং লিফ্ট পর্যন্ত পৌঁছে যান। পরের দিন, অর্থাৎ ২০ মে, জিতেন্দ্র কুমার সিং নামের এক যুবকও একই অ্যাপার্টমেন্টে প্রবেশের চেষ্টা করে। দুই অনুপ্রবেশকারীকেই দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই ধৃতদের জেরা শুরু করেছে। জেরার মুখে মডেল ইশা ছাবড়া যা বলেছেন, তা শুনে কিছুটা হতবাক হয়েছেন তদন্তকারীরা। তার দাবি, স্বয়ং ভাইজানের আমন্ত্রণেই নাকি তিনি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গিয়েছিলেন। ইশা আরও জানান, প্রায় ছয় মাস আগে একটি পার্টিতে অভিনেতার সঙ্গে তার দেখা হয়েছিল এবং সেখানেই নাকি ওই মহিলাকে আমন্ত্রণ জানিয়েছিলেন অভিনেতা।
যদিও পুলিশের পক্ষ থেকে ইশার এই মন্তব্যে তেমন গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই ঘটনার সত্যতা নিয়ে সালমান খান অথবা তার পরিবারের তরফ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ এখন খতিয়ে দেখছে, ওই মহিলাকে সত্যিই অভিনেতা চেনেন কিনা।
প্রসঙ্গত, গত বছর এপ্রিল মাসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চলার ঘটনার পর থেকে সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। প্রাণনাশের হুমকির কারণে তিনি কড়া নিরাপত্তার মধ্যে থাকেন। পাচ্ছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা। এত কিছুর পরেও পরপর দুই দিন এভাবে অচেনা মানুষের প্রবেশ অভিনেতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। পুলিশ এই ঘটনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, তা খতিয়ে দেখছে।







