রাজ্যের একাধিক জেলায় দীর্ঘদিনের নজরদারির পর অবশেষে বালি পাচার কাণ্ডে গ্রেপ্তার হলেন জি ডি মাইনিং কোম্পানির প্রধান অরুণ শরাফ। ইডি আধিকারিকরা সল্টলেক ও বেহালার অফিসে একাধিক তল্লাশি চালিয়ে তাঁকে আটক করেন।
তদন্ত সূত্রে জানা গেছে, অরুণ শরাফ নিজেই বালি খাদান লিজ নিতেন এবং নিয়ম ভেঙে অতিরিক্ত বালি উত্তোলনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ, তোলা বালির অর্থ অরুণের একাধিক ব্যাংক অ্যাকাউন্টে জমা হতো এবং হাওয়ালার মাধ্যমে বিদেশে পাঠানো হতো।
ইডি দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার একাধিক ঠিকানায় তল্লাশি চালাচ্ছিল। সংস্থার কর্মী থেকে শুরু করে বালি পরিবহনকারী ট্রাকের চালকদের বাড়িতেও তল্লাশি করা হয়। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানের পরে রাতে অরুণকে আদালতে তোলা হয়।
ইডি সূত্রে জানানো হয়েছে, ধৃত অরুণ শরাফকে জিজ্ঞাসাবাদ করলে পুরো চক্রের হদিশ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।







