চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু হওয়ার মাত্র কয়েক দিন আগে বড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। দলের বোলিং কোচ মর্নে মর্কেল ব্যক্তিগত কারণে হঠাৎ করেই দেশে ফিরে গেছেন। জানা গেছে, তার বাবার মৃত্যু হওয়ায় তিনি দ্রুতই দুবাই ছেড়েছেন। তবে, তিনি কবে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়।
১৫ ফেব্রুয়ারি দলের সঙ্গে দুবাই পৌঁছানোর পর মর্কেল নিয়মিত অনুশীলনে উপস্থিত ছিলেন। কিন্তু সোমবার ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে তাকে দেখা যায়নি। পরে জানা যায়, পারিবারিক কারণে তিনি দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন। তার অনুপস্থিতি ভারতের প্রস্তুতিকে কতটা প্রভাবিত করবে, তা নিয়ে এখন আলোচনা চলছে।
ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে। তার আগে, দলের তারকা ব্যাটাররা নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। বিশেষত, কেএল রাহুলকে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে। তিনি দীর্ঘক্ষণ বড় শট খেলার অনুশীলন করেছেন।
শ্রেয়াস আইয়ার ও শুভমান গিলও নিজেদের ব্যাটিং ধারালো করতে ব্যস্ত। গিল, যিনি ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ফর্মে ছিলেন, নেটে বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিলেন। রোহিত শর্মা ও বিরাট কোহলিও যথেষ্ট সময় ব্যয় করেছেন ব্যাটিং অনুশীলনে।
এই অবস্থায় মর্কেলের অনুপস্থিতি ভারতীয় দলের প্রস্তুতিতে কিছুটা প্রভাব ফেলতে পারে। এখন দেখার, কবে তিনি দলে ফিরে আসেন।







