মহমেডানকে হারানোর পর ইস্টবেঙ্গল শিবিরে স্বস্তি ফিরেছে। সপ্তাহখানেক আগেও ক্ষুব্ধ সমর্থকেরা ফুটবলারদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন, আর এখন তাদের মুখে শুধু শুভেচ্ছার বার্তা। তবে শনিবার নয়াদিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে বড় পরীক্ষা দিতে হবে অস্কার ব্রুজনের শিষ্যদের।
২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একাদশ স্থানে থাকলেও প্লে-অফের আশা এখনো টিকে আছে লাল-হলুদের। তবে শুধুমাত্র নিজেদের ম্যাচ জেতাই যথেষ্ট নয়, তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলের ফলাফলের দিকেও। প্রথম লেগে যুবভারতীতে পাঞ্জাবের বিরুদ্ধে নাটকীয় প্রত্যাবর্তনে ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই নামতে চাইবে ব্রুজনের দল।
কিন্তু দলে সমস্যা রয়েছে। গুরুত্বপূর্ণ মিডফিল্ডার রিচার্ড সেলিস চোট কাটিয়ে ফিরতে পারেননি, ফলে শনিবারের ম্যাচেও তাকে পাবে না ইস্টবেঙ্গল। তবে স্বস্তির খবর, চোট সারিয়ে দলে ফিরছেন জিকসন সিংহ। রিচার্ডের অনুপস্থিতিতে মাঝমাঠের ভারসাম্য বজায় রাখা সহজ হবে না, তবে জিকসনের প্রত্যাবর্তন কিছুটা হলেও সেই শূন্যতা পূরণ করতে পারে।
অস্কার জানেন, এবারও পাঞ্জাবের বিরুদ্ধে লড়াই সহজ হবে না। তবে তার বক্তব্য, “আমাদের স্বপ্ন শেষ হয়ে যায়নি। শেষ পর্যন্ত লড়াই করব।” শনিবারের ম্যাচ ইস্টবেঙ্গলের প্লে-অফের সম্ভাবনা টিকিয়ে রাখতে কতটা সহায়ক হয়, সেটাই এখন দেখার।







