প্লে-অফের দৌড়ে টিকে থাকার শেষ সুযোগ নিয়ে মাঠে নামছে ওড়িশা এফসি, কিন্তু সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে মহামেডান স্পোর্টিং। আজ শুক্রবার ঘরের মাঠে মহামেডানকে হারিয়ে শেষ ছয়ের পৌঁছানোর সম্ভাবনা জিইয়ে রাখতে চায় কলিঙ্গবাহিনী। তবে এই ম্যাচের ফলাফলের দিকে নজর থাকবে ইস্টবেঙ্গল শিবিরেরও। কারণ ওড়িশা যদি হোঁচট খায়, তাহলে লাল-হলুদের প্লে-অফ স্বপ্ন কিছুটা উজ্জ্বল হবে।
গত ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যায় ওড়িশা। তাদের বড় সমস্যা চোট ও নিষেধাজ্ঞা। রয় কৃষ্ণা ও আহমেদ জাহুর মতো তারকারা নেই, দিয়েগো মরিসিওর খেলা অনিশ্চিত, আর মুর্তাদা ফল ও হুগো বুমৌস নিষিদ্ধ। এসব কারণে ওড়িশার রক্ষণ ও মাঝমাঠ দুর্বল হয়ে পড়েছে।
অন্যদিকে, মহামেডানের প্লে-অফে ওঠার সুযোগ নেই, কিন্তু তারা চাপমুক্ত হয়ে মাঠে নামবে, যা ওড়িশার জন্য বিপজ্জনক হতে পারে। তাদের বড় সমস্যা গোলের খরা। শেষ পাঁচ ম্যাচে মাত্র দুই গোল করা দলটি এই ম্যাচে ওড়িশাকে আটকাতে পারলে ইস্টবেঙ্গলের জন্য তা স্বস্তির হবে।
ওড়িশার জয়ের বিকল্প নেই, কিন্তু মহামেডান যদি ড্র বা জয় ছিনিয়ে নেয়, তাহলে ইস্টবেঙ্গলের সম্ভাবনা উজ্জ্বল হবে। ফলে শুক্রবারের ম্যাচ শুধু ওড়িশার জন্য নয়, ইস্টবেঙ্গলের সমর্থকদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।







