পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের আরাধ্যদেবী মা বর্গভীমা, যে কোন পূজোর আগে মা বর্গভীমাকে পুজো দিয়ে থাকেন তমলুকের বাসিন্দারা। তমলুক শহরের আজও মধ্যমনি মা বর্গভীমা। কয়েক বছর ধরে আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে এখানে। অতীতের প্রায় সব কিছু ধ্বংসের মুখে চলে গেলেও, স্বমহিমায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মন্দির।
জানা যায়, অতীতে এই তল্লাটে কোন শক্তিপুজোর চল ছিল না। পরবর্তীতে জেলায় শক্তিপুজো শুরু হলেও এখনো সমস্ত শক্তিপুজো শুরুর অনুমতি নিতে হয় দেবী মা বর্গভীমার কাছ থেকে।
পুরান মতে, দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে খন্ডিত হয়ে বাম পায়ের গোড়ালি এই স্থানে পড়ে। আর সেই থেকেই ৫১ পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকে দেবী বর্গভীমা রূপে পূজিতা হয়ে আসছেন এই মন্দিরে। তবে প্রাচীন এই মন্দিরের বয়স কত? তা অনুমান করা মুশকিল।।
মহাভারতে উল্লেখিত তমলুকের ময়ূর বংশীয় রাজা তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি অনুযায়ী রাজার আদেশে, রাজ পরিবারে রোজ জ্যান্ত শোল মাছ নিয়ে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। সারা বছর কিভাবে জ্যান্ত শোল মাছের যোগান দেয় ধীবর পত্নী? প্রশ্ন জাগে রাজার। রাজা চেপে ধরতেই ফাঁস হয় গোপন কথা। ধীবর পত্নী জানায় জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই রোজ মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজদরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথামতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পায় উগ্র তারা রুপী দেবী মা বর্গভীমার মূর্তি। তারপরেই সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা।
জানা যায়, নীল তন্ত্র মতে মায়ের আরাধনা করা হয় এখানে। কালীপুজোর দিন রাজবেশে মা বর্গভীমাকে সাজিয়ে মহা ধুমধামে পূজা করা হয়। বছরের অন্য দিনগুলিতে ভোর চারটায় মাকে স্নান করিয়ে স্বর্ণালংকারে সাজানো হয়। অন্ন ভোগে নানান পদের সাথে প্রতিনিয়ত এখনো নিবেদন করা হয় শোল মাছের ঝোল। ভক্তরাও প্রতিদিন মাকে মিষ্টি ভোগের পাশাপাশি মনস্কামনা পূরণে তাল, ওল, শোল মাছ নিয়ে হাজির হয় এই মন্দিরে। প্রতিনিয়ত ভিড় লেগে থাকে তমলুকের মা বর্গভীমা মন্দিরে।






