একটি সন্দেহজনক ইমেইল ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা তথা রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে আর্থিক অনিয়মের অর্জনের অভিযোগ। এই অভিযোগ ঘিরে দাবি করা হয়, রাষ্ট্রপতি ভবনের সচিবালয় নবান্নকে নির্দেশ দিয়েছে তাঁর সম্পত্তি খতিয়ে দেখতে।
এই অভিযোগ প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরে ও রাজ্য রাজনীতিতে আলোড়ন ছড়িয়ে পড়ে। তবে এই পরিস্থিতিতে নিজেই মুখ খোলেন জগন্নাথ চট্টোপাধ্যায়। একটি সংবাদ সংস্থায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান, “রাষ্ট্রপতি ভবন থেকে যেটি ইমেইল এসেছে বলে বলা হচ্ছে, সেটি একেবারেই ভুয়ো। এর সঙ্গে আমার বা রাষ্ট্রপতির দপ্তরের কোনও যোগ নেই।”
প্রসঙ্গত, কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি পদে শপথ নিয়েছেন শমীক ভট্টাচার্য। কলকাতার সায়েন্স সিটিতে তাঁর সংবর্ধনায় হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার প্রমুখ। নতুন নেতৃত্বকে সামনে রেখে ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছে রাজ্য বিজেপি। এর মাঝেই দলের গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে এমন অভিযোগে অস্বস্তিতে পড়ে যায় গেরুয়া শিবির।
বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, রাষ্ট্রপতির দপ্তর এভাবে কখনও ইমেইলের মাধ্যমে নির্দেশ দেয় না। এমনকি, রাষ্ট্রপতির সচিবালয়ের নির্দিষ্ট অফিসিয়াল আইডি ছাড়া কোনও নির্দেশের বৈধতা নেই বলেই দলের অবস্থান।
বিজেপি নেতৃত্বের মতে, “এই ইমেইলটি সম্পূর্ণ ভুয়ো এবং উদ্দেশ্যপ্রণোদিত। দল এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে।”







