বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা এবং তার স্ত্রী সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন গত কয়েক দিন ধরে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। শোনা যাচ্ছে, ছয় মাস আগে সুনীতা গোবিন্দাকে বিবাহবিচ্ছেদের নোটিস পাঠিয়েছিলেন। তবে এই জল্পনার মাঝে, গোবিন্দার আইনজীবী দাবি করেছেন যে, এই দম্পতি তাদের মতবিরোধ সমাধান করে এখন একসঙ্গে আছেন।
এছাড়া, সুনীতার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন যে, “কেউ আমাকে এবং গোবিন্দাকে আলাদা করতে পারবে না।” সুনীতা বলেন, “আমরা আলাদা থাকি কারণ গোবিন্দ যখন রাজনীতিতে যোগদান করলেন, তখন আমার মেয়ে বড় হচ্ছিল। এবং দলের কর্মীরা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। যেহেতু আমরা বাড়িতে শর্টস পরে স্বচ্ছন্দে থাকতাম, তখন বহিরাগতদের আসার কারণে অস্বস্তি বোধ করতাম। সেই কারণে আমরা কাছাকাছি একটি অফিস করার সিদ্ধান্ত নিয়েছিলাম।”
এটি ছিল সুনীতার প্রথম মন্তব্য, যেখানে তিনি বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জনের বিষয়ে সোজাসাপটা কথা বলেছেন। তিনি আরও বলেন, “এই পৃথিবীতে যদি কেউ আমাকে এবং গোবিন্দকে আলাদা করার সাহস করেন, তাহলে তাদের এগিয়ে আসতে দিন।”
গোবিন্দ এবং সুনীতা ১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৮৮ সালে তাদের কন্যা টিনা জন্মগ্রহণ করে এবং এরপর ১৯৯৭ সালে তারা পুত্র যশবর্ধনকে স্বাগত জানান। সুনীতা প্রায়ই গোবিন্দ এবং তাদের সন্তানদের সঙ্গে ছবি শেয়ার করেন, যা তাদের ঘনিষ্ঠ পারিবারিক সম্পর্কের পরিচয় দেয়।
এ সপ্তাহের শুরুতে কিছু সংবাদমাধ্যম দাবি করেছিল যে, গোবিন্দা এবং সুনীতা আহুজার মধ্যে ক্রমাগত মতবিরোধ এবং ভিন্ন জীবনযাত্রার কারণে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি, ৩০ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দার ঘনিষ্ঠতার বিষয়টি এই বিচ্ছেদের পেছনের অন্যতম কারণ বলে চাউর হয়েছিল। তবে গোবিন্দার টিম থেকে এসব জল্পনাকে ভিত্তিহীন বলে খারিজ করা হয়েছে।







