বুধবার ঘরের মাঠে চরম হতাশার এক রাত কাটাল ইস্টবেঙ্গল। এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৪-২৫ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফসি আর্কাদাগের বিপক্ষে ০-১ গোলে হেরেছে লাল-হলুদ ব্রিগেড। ফলে, সেমিফাইনালে ওঠার স্বপ্ন টিকিয়ে রাখতে দ্বিতীয় লেগে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে অস্কার ব্রুজোনের দলকে।
প্রথমার্ধের ১০ মিনিটেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ইস্টবেঙ্গলের রক্ষণকে বিভ্রান্ত করে দূরপাল্লার শটে গোল করেন আর্কাদাগের গুরবানভ। গোলরক্ষক প্রভসুখন গিল ঝাঁপালেও বল ঠেকাতে ব্যর্থ হন। প্রথমার্ধে ইস্টবেঙ্গল বলের দখল রাখলেও আক্রমণে কার্যকর ছিল না। ২১ মিনিটে লালচুংনুঙ্গার ক্রসে দিমিত্রিয়স দিয়ামান্তাকোসের প্রচেষ্টা ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধেও ছবিটা বদলায়নি। ৭০ মিনিটে ক্রেসপোর পরপর দুটি প্রচেষ্টা আটকে যায় প্রতিপক্ষের রক্ষণে। ম্যাচের শেষ মুহূর্তে মহেশের নিখুঁত ক্রসে ভিশ্নুর সেটআপ থেকে গোলের সুবর্ণ সুযোগ পান ক্রেসপো, কিন্তু গোলরক্ষক চারিয়েভ দুর্দান্ত সেভ করেন। শেষ বাঁশি বাজার আগে মেসি বৌলির ফাউল নিয়ে উত্তেজনা ছড়ালেও স্কোরলাইন আর বদলায়নি।
খেলা শেষে হতাশ ইস্টবেঙ্গল শিবির। হারের ফলে দ্বিতীয় লেগে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যেখানে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে লাল-হলুদকে সেমিফাইনালে উঠতে। এখন দেখার বিষয়, তুর্কমেনিস্তানে ঘুরে দাঁড়াতে পারে কিনা ব্রুজোনের দল।







