শেষ ম্যাচেও শোচনীয় অবস্থা! ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরশুমের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সম্পূর্ণ ব্যর্থতার ছবি আঁকল ইস্টবেঙ্গল এফসি। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে লিগ যাত্রা শেষ করল লাল-হলুদ। অপরদিকে, এই জয়ে ৩৮ পয়েন্ট নিয়ে প্লে-অফে জায়গা পাকা করল নর্থইস্ট ইউনাইটেড।
প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল। ২২ মিনিটে ক্লেইটন সিলভার একটি ফ্রিকিক সামান্য বাইরে দিয়ে বেরিয়ে গেলে এগিয়ে যাওয়ার সুযোগ হাতছাড়া হয়। তবে দ্বিতীয়ার্ধে ধ্বংসস্তূপে পরিণত হয় কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি।
৫৯ মিনিটে নেস্টর আলবিয়াচের গোলে লিড নেয় নর্থইস্ট। এরপর ৬৬ মিনিটে গোলরক্ষক দেবজিতের হাত থেকে ফিরতি বল নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আলােদ্দিন আজারাই। কিন্তু দুঃস্বপ্ন তখনও বাকি ছিল। ৭৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন আজারাই। ৮৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইস্টবেঙ্গলের তন্ময় দাস। ম্যাচের শেষদিকে ৮৬ মিনিটে কর্নার থেকে মোহাম্মদ আলি বেমাম্মার ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।
এই হার ইস্টবেঙ্গলের আইএসএল যাত্রার হতাশাজনক চিত্রটিই তুলে ধরল। মরসুম জুড়ে ধারাবাহিকতার অভাব, রক্ষণভাগের দুর্বলতা ও আক্রমণের ব্যর্থতাই স্পষ্ট হয়ে উঠল শেষ ম্যাচেও। লিগ শেষ, এবার আত্মসমালোচনার সময় লাল-হলুদ শিবিরের।







