ভারতীয় বিনোদন দুনিয়ায় আবারও হল নক্ষত্রপতন। ১৮ জুলাই চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বিশিষ্ট তামিল পরিচালক, অভিনেতা ও সিনেমাটোগ্রাফার ভেলু প্রভাকরণ। তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন। এবং জন্য যাচ্ছে এই অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে শিল্পীর।
সূত্রের খবর, ১৯ জুলাই বিকেল থেকে ২০ জুলাই রবিবার পর্যন্ত চেন্নাইয়ের ভালাসারাভক্কমে জনসাধারণ ও তার ভক্তদের জন্য আয়োজন করা হবে শয়নসভা। রবিবার বিকেলে পরিবার ও কাছের বন্ধুবান্ধবদের নিয়ে শেষকৃত্য সম্পন্ন হবে এমনটাই জানিয়েছেন শিল্পীর পরিবার।
ভেলু প্রভাকরণ সিনেমাটোগ্রাফার হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। এরপরে ১৯৮৯ সালে তাঁর পরিচালক হিসেবে পথচলা শুরু হয়। ২০০৯ সালে Kadhal Kadhai সিনেমায় কাজ করেছিলেন তিনি।
তিনি Nalaya Manithan, Adhisaya Manithan এর মতো সিনেমা বানিয়েছিলেন, যা বক্স অফিসে খুব ভালো ব্যাবসা করতে পারেনি। এরপর তিনি একশন ছবি পরিচালনা করেছিলেন। কিন্তু তিনি ২০১৭-তে শেষবার পরিচালক হিসেবে কাজ করেছিলেন। তার ২ বছর পর অর্থাৎ, ২০১৯ সালে তিনি অভিনেতা হিসেবে তাঁর যাত্রা শুরু করেন। ভেলু প্রভাকরণ ‘Gangs of Madras’, ‘Cadaver’, ‘Pizza 3: The Mummy’, ‘Raid’, ‘Weapon’ও ‘Appu VI STD’ ইত্যাদি বিভিন্ন ছবিতে অভিনয় করে ভক্তদের মন জয় করেছিলেন। তাঁকে শেষবার সিনেমার পর্দায় দেখা গিয়েছিল ‘Gajaana’-তে।







