উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বিডিও দিব্যেন্দু সরকারের বিরুদ্ধে আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ তুলে সরব হল বিজেপি। শুক্রবার ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ইটাহার বিধানসভার বিজেপি নেতৃত্ব। পাশাপাশি, গোটা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট দফতরের অডিটেরও দাবি জানানো হয়েছে।
অভিযোগকারীদের দাবি, সরকারি অর্থের অপব্যবহার করে ব্যক্তিগত নানা খরচের বিল জমা দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়েছে, খাসির মাংস কেনা, ট্রলি ব্যাগ ক্রয়, বাড়ির রাঁধুনি বা গৃহপরিচারিকার বেতন, এমনকি বিডিওর বাড়িতে দোলনা বসানোর মতো ব্যক্তিগত ব্যয়ের বিলও সরকারি খাতে দেখানোর চেষ্টা হয়েছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও সরকারি ভাবে প্রমাণিত হয়নি।
এদিন বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে থানায় যান দলের নেতারা। তাঁদের দাবি, শুধু এই অভিযোগ নয়, তৃণমূল পরিচালিত সময়ে ব্লক প্রশাসনের বিভিন্ন প্রকল্প ও ব্যয়ের হিসাবও পূর্ণাঙ্গ অডিটের মাধ্যমে খতিয়ে দেখা হোক।
বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য নিমাই সিংহের অভিযোগ, বিডিওর নির্দেশে একাধিক ব্যক্তিগত খরচ সরকারি বিল হিসেবে দেখানো হয়েছে। তাঁর দাবি, খাসির মাংস কেনা থেকে শুরু করে ট্রলি ব্যাগ ও গৃহকর্মীর বেতনের মতো ব্যয়ের নথিও সামনে এসেছে।
যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার। তাঁর বক্তব্য, যে বিলের কথা বলা হচ্ছে, সেগুলি কোথা থেকে এসেছে তা তাঁর জানা নেই। তাঁর দাবি, কোনও বিলেরই অর্থ প্রদান করা হয়নি এবং অভিযোগে দেখানো নথিগুলি ভুয়ো।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।






