বিদেশ

উপাসনালয়ের সামনে ১০০ ফুট ‘নো-প্রোটেস্ট জোন’! আমেরিকায় নতুন বিল ঘিরে চর্চা

মন্দির, মসজিদ, গির্জা বা গুরুদ্বারে প্রার্থনা করতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়তে হবে না—এমন ব্যবস্থার প্রস্তাব নিয়ে আমেরিকায় জোর চর্চা শুরু হয়েছে। ‘রাইট টু ওয়ারশিপ অ্যাক্ট’ নামে একটি দ্বিদলীয় বিল আনা হয়েছে মার্কিন কংগ্রেসে। প্রস্তাব অনুযায়ী, ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন উপাসনালয়ের প্রবেশপথের ১০০ ফুটের মধ্যে এমন কোনও আচরণ করা যাবে না, যা উপাসনায় বাধা দেয় বা মানুষকে প্রবেশে নিরুৎসাহিত করে।

তবে এটি এখনও আইন হয়নি। ৬ অগস্ট বিলটি হাউস ও সেনেটে পেশ করা হয় এবং বর্তমানে তা কংগ্রেসের কমিটি পর্যায়ে রয়েছে। ১৬ সেপ্টেম্বর ক্যাপিটাল হিলে বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা দ্রুত বিলটি এগিয়ে নেওয়ার দাবি জানান।

বিলটি এনেছেন রিপাবলিকান ব্র্যাড নট ও ডেমোক্র্যাট টম সুওজি। সেনেটে এর সমর্থক দুই আইনপ্রণেতা টেড ক্রুজ ও এলিসা স্লটকিন। প্রস্তাবে উপাসকদের ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া, ভয় দেখানো বা ধর্মীয় অনুষ্ঠানে গুরুতর বিঘ্ন ঘটানোর মতো আচরণের বিরুদ্ধে দেওয়ানি জরিমানার ব্যবস্থাও রয়েছে।

বিলটির সমর্থকদের বক্তব্য, উপাসনালয়ে যাওয়ার সময় মানুষের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। হিন্দু, শিখ, ইহুদি-সহ একাধিক ধর্মীয় সংগঠন ইতিমধ্যেই উদ্যোগটির পাশে দাঁড়িয়েছে।

অন্যদিকে, আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীতে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত। বিলের সমর্থকদের দাবি, শান্তিপূর্ণ ও বিঘ্নহীন মতপ্রকাশ এতে নিষিদ্ধ হবে না; লক্ষ্য হবে উপাসনায় বাধা, ভয় দেখানো বা প্রবেশ আটকে দেওয়ার মতো আচরণ। ফলে ধর্মীয় স্বাধীনতা ও প্রতিবাদের অধিকার—দুইয়ের মধ্যে ভারসাম্য কীভাবে বজায় থাকবে, তা নিয়েই এখন মূল আলোচনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.