রাজনীতিরাজ্য

SIR বিতর্কে জ্ঞানেশের পাশে বিজেপি, পদ্মভূষণের দাবি শমীক ভট্টাচার্যের

SIR-কে কেন্দ্র করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই তাঁর পাশে দাঁড়াল বিজেপি। বিরোধীরা যেখানে জ্ঞানেশ কুমারের অপসারণ এবং তাঁর বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানাচ্ছেন, সেখানে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য তাঁর কাজের প্রশংসা করে পদ্মভূষণ দেওয়ার দাবি তুলেছেন।

শমীকের দাবি, পশ্চিমবঙ্গে ভোটের আগে, ভোট চলাকালীন এবং ভোট-পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে জ্ঞানেশ কুমারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। মৃত ও ভুয়ো ভোটারদের নাম বাদ দিয়ে ভোটার তালিকা সংশোধনের ফলে সাধারণ মানুষ এবার ‘ভয়মুক্ত’ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, জ্ঞানেশ কুমার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই কাজ সম্পন্ন করেছেন।

রাজ্য বিজেপি সভাপতি বলেন, পশ্চিমবঙ্গের মানুষ একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকা এবং অবাধ নির্বাচন চেয়েছিলেন। জ্ঞানেশ কুমারের নেতৃত্বে সেই কাজই সম্পন্ন হয়েছে। এই প্রসঙ্গেই মুখ্য নির্বাচন কমিশনারকে পদ্মভূষণ দেওয়ার দাবি তোলেন শমীক।

এদিকে, গত ২৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি তদন্তমূলক প্রতিবেদনে দাবি করা হয়, নির্বাচন কমিশনের দুই সদস্য সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী গত ১০ মাসে কমিশনের একাধিক সিদ্ধান্ত ও নির্দেশের বিষয়ে অন্তত ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন। নতুন ভোটারদের তালিকাভুক্তি, ভোটারদের নাম বাদ দেওয়া এবং ভোটার তালিকা সংক্রান্ত সফটওয়্যার ব্যবস্থাপনা-সহ একাধিক বিষয়ে তাঁদের আপত্তি ছিল বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়।

প্রতিবেদনটি সামনে আসার পর জ্ঞানেশ কুমারকে ঘিরে বিরোধীদের আক্রমণ আরও জোরালো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর গ্রেফতার এবং ফৌজদারি পদক্ষেপের দাবি জানিয়েছেন। একইভাবে মুখ খুলেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে)-র নেতা উদ্ধব ঠাকরেও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী-সহ একাধিক বিরোধী নেতাও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের একাংশ জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিও জানিয়েছেন।

এই রাজনৈতিক টানাপড়েনের মধ্যেই রাজ্যে পুরভোটের প্রস্তুতি চলছে। পুরভোটে বিজেপির অবস্থানও স্পষ্ট করেছেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, বিজেপি একাই নির্বাচনে লড়াই করবে এবং কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট বা সমঝোতার প্রশ্ন নেই। তাঁর দাবি, ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে হলে বিজেপিই জয়ী হয়ে পুরসভাগুলিতে বোর্ড গঠন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.