বলিভিয়ার রাজনীতিতে নাটকীয় মোড়। রক্ষণশীল প্রেসিডেন্ট রদ্রিগো পাজের ক্ষমতা গ্রহণের এক মাস পরই বুধবার দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন প্রাক্তন প্রেসিডেন্ট লুইস আর্স। ২০ বছর ধরে চলা সমাজতান্ত্রিক শাসনের অবসান ঘটার পর এই গ্রেফতারি দেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও বাড়িয়ে দিল।
পাজ সরকারের এক সিনিয়র কর্মকর্তা মার্কো আন্তোনিও ওভিয়েদো সাংবাদিকদের নিশ্চিত করেছেন, আর্সের বিরুদ্ধে কর্তব্যের অবহেলা এবং আর্থিক অসদাচরণের অভিযোগ আনা হয়েছে। প্রাক্তন নেতা ইভো মোরালেসের সরকারে অর্থনীতি মন্ত্রী থাকাকালীন আর্স বিপুল পরিমাণ সরকারি তহবিল আত্মসাতে যুক্ত ছিলেন। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বর্তমান সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ হিসেবে এই গ্রেফতারিকে দেখছেন কর্মকর্তারা। তবে আর্সের গ্রেফতারি নিয়ে দেশের রাজনৈতিক মেরুকরণ আরও স্পষ্ট হয়েছে। প্রাক্তন প্রেসিডেন্টের মিত্ররা এই পদক্ষেপকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে তীব্র নিন্দা করেছেন।
কর্তৃপক্ষ আর্স এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে প্রায় ৭০ কোটি ডলার তছরুপের অভিযোগ এনেছে। এই তহবিলটি উপজাতি এবং কৃষক সমাজকে সহায়তার জন্য তৈরি একটি রাষ্ট্রীয় তহবিলের অংশ ছিল, যারা মোরালেসের ‘মুভমেন্ট টুওয়ার্ড সোশ্যালিসম’ পার্টির মূল ভিত্তি ছিল। আর্স ২০০৬ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘ইনডিজেনাস পেজেন্ট ডেভেলপমেন্ট ফান্ড’ এর বোর্ডের সদস্য ছিলেন এবং গ্রামীণ সামাজিক উন্নয়ন প্রকল্পে অর্থ বরাদ্দের দায়িত্বে ছিলেন। এই সময়েই তিনি ব্যক্তিগত খরচের জন্য কিছু অর্থ সরিয়েছেন বলে অভিযোগ। ওভিয়েদো আরও জানান, “এই ব্যাপক আর্থিক ক্ষতির জন্য আর্সকেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।” আর্সের প্রধান মিত্র এবং প্রাক্তন মন্ত্রী মারিয়া নেলা প্রাদা গ্রেফতারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, প্রসিকিউশন গ্রেফতারি পরোয়ানা জারি করলেও আর্সকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি। লা পাজের একটি অভিজাত এলাকায় অর্থনীতি ক্লাস শেষ করে হেঁটে যাওয়ার সময় আর্সকে একটি কালো কাঁচের মিনিভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়। প্রাদা এটিকে ‘ক্ষমতার চরম অপব্যবহার’ বলে অভিহিত করেছেন।
তবে অ্যাটর্নি জেনারেল রজার মারিয়াকা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, এই পদক্ষেপ সম্পূর্ণভাবে দুর্নীতি মোকাবিলার জন্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আর্স পুলিশি জিজ্ঞাসাবাদে নিজের নীরব থাকার অধিকার প্রয়োগ করেছেন এবং তাকে রাতে পুলিশ হেফাজতেই রাখা হবে। আর্সের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ৪ থেকে ৬ বছরের কারাদণ্ড হতে পারে। প্রেসিডেন্ট পাজ দুর্নীতি এবং বিশৃঙ্খল অর্থনীতির বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিলেন। তার ভাইস প্রেসিডেন্ট এডম্যান লারা সামাজিক মাধ্যমে আর্সের গ্রেফতারিকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা বলে উল্লেখ করেছেন। বলিভিয়ার বিচার ব্যবস্থা দীর্ঘকাল ধরেই রাজনৈতিকভাবে বিভক্ত, যেখানে ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গেই বিরোধী পক্ষের ওপর দমন-পীড়ন চালানোর ইতিহাস রয়েছে।







