খেলাধুলা

চিন্নাস্বামীতে রানের উৎসবে শেষ হাসি হাসলো চেন্নাই! কাজে আসলো না ম্যাক্সওয়েল ও ডু’প্লেসিসের লড়াকু ইনিংস

 

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের অন্যতম হাইভোল্টেজ মোকাবিলায় গতকাল মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore) এবং চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। তবে বিরাট কোহলিদের (Virat Kohli) ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) দল দাপট দেখাল।

 

এদিন টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান। চিন্নাস্বামী স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক উইকেটে চেন্নাইয়ের ব্যাটাররা দাপুটে ব্যাটিং করে রান তুললেন। ডুপ্লেসি এবং গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ের তুলনায় তাঁদের দাপট ম্লান মনে হলেও ধোনিরাই শেষ হাসি হাসলেন। ধোনিদের ৬ উইকেটে ২২৬ রানের জবাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর করল ৮ উইকেটে ২১৮।

 

চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচের ২২ গজে ৭৫ দিন আগে শেষ রঞ্জি ট্রফির ম্যাচ হয়েছিল। শুকনো এবং পাটা উইকেটে কত রান করলে নিরাপদে থাকা যাবে, তা নিয়ে ম্যাচের শুরুতে ধোনি নিশ্চিত ছিলেন না। তাই চেন্নাই অধিনায়কের নির্দেশ ছিল, যতটা সম্ভব বেশি রান তুলতে হবে।

 

সেই মতোই প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করেন ডেভন কনওয়ে। অন্য ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (৩) দ্রুত আউট হলেও চেন্নাইয়ের ইনিংসে প্রভাব পড়ল না। অজিঙ্ক রাহানে, শিবম দুবেরাও একই রকম দাপটে খেললেন।

 

গতকালের ম্যাচে কনওয়ে খেললেন ৪৫ বলে ৮৩ রানের দুরন্ত ইনিংস। তাঁর ব্যাট থেকে এল ৬টি করে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি। তিন নম্বরে নামা রাহানে করলেন ২০ বলে ৩৭। এ বারের আইপিএলে ভারতীয় দল থেকে দূরে চলে যাওয়া অভিজ্ঞ ব্যাটারকে নতুন মেজাজে দেখা যাচ্ছে। রাহানে ৩টি চার এবং ২টি ছক্কা মারলেন। শিবমকে সামলাতেও সমস্যায় পড়লেন আরসিবির বোলাররা। তাঁর ২৭ বলে ৫২ রানের ইনিংসে ২টি চার এবং ৫টি বিশাল ছক্কা রয়েছে।

 

এক সময় মনে হচ্ছিল ধোনিরা ২৪০ রানের কাছাকাছি তুলবেন। কিন্তু শেষ দিকে ধারাবাহিক ভাবে উইকেট হারানোয় তা হল না। মইন আলি ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকলেও অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাডেজারা ব্যাট হাতে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা পূরণ করতে পারলেন না।

 

রায়ডু ৬ বলে ১৪ এবং জাডেজা ৮ বলে ১০ রান করে আউট হয়ে গেলেন। শেষে মইনের সঙ্গে ২২ গজে অপরাজিত ছিলেন ধোনি (১)।

 

এদিন বেঙ্গালুরুর কোনও বোলারই তেমন সুবিধা করতে পারেননি। সফলতম বোলার ওয়ানিন্দু হারসঙ্গ। শ্রীলঙ্কার স্পিনার ২ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নিলেন।

 

তবে বেঙ্গালুরুর সব বোলারই একটি করে উইকেট পেয়েছেন। কিছুটা ভাল বল করলেন মহম্মদ সিরাজ। তিনি ৩০ রান খরচ করে ১ উইকেট নিয়েছেন।

 

জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর শুরুটা ভাল হয়নি। প্রথমেই আউট হয়ে গেলেন কোহলি। ৪ বলে ৬ রান করে আকাশ সিংহের বলে তিনি বোল্ড হলেন। তিন নম্বরে নামা মহীপাল লোমরোরও (০) ব্যর্থ। ১৫ রানে ২ উইকেট হারিয়ে ঘরের মাঠে আরসিবিরা চাপে পড়ে যায়।

 

তবে সেই চাপ অধিনায়ক ডুপ্লেসির ব্যাটে কাটল। তাঁকে যোগ্য সঙ্গত করলেন অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা পাল্টা আক্রমণের পথে হাঁটলেন। চেন্নাইয়ের কোনও বোলারকেই তাঁরা রেয়াত করলেন না।

 

আর ডুপ্লেসি-ম্যাক্সওয়েল জুটির দাপটে অভিজ্ঞ ধোনিকেও কিছুটা দিশেহারা দেখাল। তাঁদের তৃতীয় উইকেটের জুটিতে উঠল ৬১ বলে ১২৬ রান। ম্যাক্সওয়েল করলেন ৩৬ বলে ৭৬ রান। মারলেন ৩টি চার এবং ৮টি বিশাল ছক্কা।

 

তারপর তিনি আউট হওয়ার পর ডুপ্লেসিও বেশি ক্ষণ উইকেটে থাকতে পারলেন না। বেঙ্গালুরু অধিনায়কের ব্যাট থেকে এল ৩৩ বলে ৬২ রান। তিনি মারলেন ৫টি চার এবং ৪টি ছয়।

 

তাঁরা পর পর আউট হওয়ার পর ধোনিরা আবার লড়াইয়ে ফেরেন। যদিও বেঙ্গালুরুর ইনিংসের হাল ধরেন শাহবাজ আহমেদ এবং দীনেশ কার্তিকের জুটি। কার্তিক আউট হলেন ১৪ বলে ২৮ রান করে। তাঁর পরই শাহবাজও (১২) সাজঘরে ফিরলেন।

 

আর এই দুই ব্যাটার আউট হতেই বেঙ্গালুরুর জয়ের আশা এক রকম শেষ হয়ে যায়। শেষ দিকে সুযশ প্রভুদেশাই চেষ্টা করলেও দলকে জয় এনে দিতে পারলেন না। তিনি করলেন ১১ বলে ১৯ রান।

 

কালকের ম্যাচে চেন্নাইয়ের বোলারদের মধ্যে সফলতম তুষার দেশপাণ্ডে নিলেন ৪৫ রানে ৩ উইকেট। মাথিশা পাথিরানা ৪২ রান খরচ করে নিলেন ২ উইকেট। ১টি করে উইকেট পেলেন আকাশ সিংহ, মাহিশ থিকসানা এবং মইন আলি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.