কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রাম পঞ্চায়েত এলাকার উত্তর চন্দনপুর গ্রামে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় পুজো মণ্ডপ থেকে মা কালীর প্রতিমার মাথা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এলাকার কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনার পর থেকেই গ্রামজুড়ে উত্তেজনা ছড়ায়।
গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। প্রথমে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়, গ্রামবাসীদের ভয় দেখানোরও অভিযোগ ওঠে। কিন্তু স্থানীয়দের একত্রিত প্রতিবাদের মুখে পুলিশকে দরজা খুলতে বাধ্য হতে হয়।
এরপর আরও চমকপ্রদ দৃশ্য— ভাঙা প্রতিমাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত থাকা গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন। তাঁদের দাবি, দুষ্কৃতীদের গ্রেফতার না করে পুলিশের এই পদক্ষেপ ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে।
সূত্রের খবর, সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও সমালোচনার ঝড় উঠেছে।
কাকদ্বীপের হিন্দু সমাজ জানিয়েছে— “এটা শুধু এক প্রতিমা নয়, এটা আমাদের বিশ্বাস ও সংস্কৃতির উপর আঘাত।”







