ইভটিজিংয়ের হাত থেকে মেয়েকে রক্ষা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন বাবা! এই ঘটনায় আহত হয়েছেন ওই কিশোরীর মা ও ভাই। ঘটনাটি ঘটেছে বিহারের জউকিহাট থানার সিমরিয়া গ্রাম পঞ্চায়েতের বাঘমারা গ্রামে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। ওইদিন গ্রামেরই ইভটিজারদের একটি দল ওই কিশোরীকে উত্যক্ত করা শুরু করে। এর প্রতিবাদ করেন ওই কিশোরীর বাবা। সেই সময় দলটি কিশোরীর বাবার ওপর চড়াও হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী ও ছেলে। জখমদের উদ্ধার হাসপাতালে পাঠানো হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনায় মহম্মদ আহাদ নামে এক যুবক সহ সাতজনের বিরুদ্ধে জউকিহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। আরারিয়ার মহকুমা পুলিশ আধিকারিক পুষ্কর কুমার জানিয়েছেন, গোটা ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।







