ভারতের শীর্ষস্থানীয় ফুটবল লিগ আইএসএলের ২০২৪-২৫ মরসুমের প্লে-অফে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে জমশেদপুর এফসি। আজ রবিবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক লড়াইয়ে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড ও জমশেদপুর, যেখানে ইতিহাস গড়ার হাতছানি রয়েছে উভয় দলের সামনে। একদিকে প্রথমবারের মতো প্লে-অফের জয় চাইছে জমশেদপুর, অন্যদিকে দারুণ ফর্মে থাকা নর্থইস্ট ইউনাইটেড চাইবে তাদের অপরাজিত ধারা বজায় রাখতে।
নর্থইস্ট ইউনাইটেড এবারের লিগ পর্ব শেষ করেছে চতুর্থ স্থানে, ২৪ ম্যাচে ১০ জয়ের সঙ্গে ৮টি ড্র করে সংগ্রহ করেছে ৩৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে সমান পয়েন্ট থাকলেও গোল পার্থক্যে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে থেকে প্লে-অফে উঠেছে জমশেদপুর। তবে গত চার দেখায় নর্থইস্ট ইউনাইটেড জমশেদপুরের বিপক্ষে অপরাজিত (৩ জয়, ১ ড্র), যা তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে।
কৌশলগত দিক থেকে নর্থইস্ট ইউনাইটেডের শক্তি তাদের আক্রমণাত্মক ফুটবল। ৫০.৩% সফল ড্রিবলিং রেটের সঙ্গে এবারের আসরের দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ গোল করেছে তারা। বিশেষ করে দলের মরক্কান ফরোয়ার্ড জমশেদপুরের বিপক্ষে দুর্দান্ত ফর্মে, দুই ম্যাচে চার গোল করেছেন।
অন্যদিকে, জমশেদপুরের বড় দুশ্চিন্তা তাদের রক্ষণ। ওপেন প্লে থেকে ৩৫টি গোল খেয়ে তারা এবারের আইএসএলে দ্বিতীয় সর্বোচ্চ গোল হজম করা দল। শেষ দুই ম্যাচেই তিন বা তার বেশি গোল হজম করেছে তারা, যা এই ম্যাচের আগে বড় ধাক্কা।
নর্থইস্ট ইউনাইটেড কোচ হুয়ান পেদ্রো বেনালি বলেছেন, “সুযোগ আসলে তা কাজে লাগাতে হবে এবং জমশেদপুরের বিশেষ স্টাইলকে আটকাতে হবে।” অন্যদিকে, জমশেদপুর কোচ খালিদ জামিল আশাবাদী, “শিলংয়ের পরিবেশ অসাধারণ, দর্শকদের সমর্থন রয়েছে। আমরা ইতিবাচক ফলের জন্য মুখিয়ে আছি।”
১৬ বারের দেখায় জমশেদপুরের জয়ের সংখ্যা ৬, নর্থইস্ট ইউনাইটেড জিতেছে ৪টি এবং ৬ ম্যাচ ড্র হয়েছে। তবে প্লে-অফে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে তারা, যেখানে জমশেদপুরের সামনে ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ, আর নর্থইস্ট ইউনাইটেড চাইবে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিতে।







