বিশ্ব

ইরানের পাশে থাকলে কড়া শাস্তি, বন্ধু দেশগুলিকেও হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানের সঙ্গে চলা সংঘাতে তেহরানকে সাহায্য করার অভিযোগে এবার তাদের ‘বন্ধু’ দেশগুলিকেও কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে সহযোগিতা বন্ধ না করলে সংশ্লিষ্ট দেশগুলিকে ভবিষ্যতে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। তবে কোন কোন দেশের বিরুদ্ধে এই পদক্ষেপ করা হতে পারে, তা নির্দিষ্ট করে জানাননি ট্রাম্প।

সম্প্রতি নিজের সমাজমাধ্যম ‘ট্রুথ সোশাল’-এ ইরানকে নিয়ে কড়া বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি, ইরানকে চুক্তিতে আসার জন্য তাঁর মতো এত বেশি সুযোগ আর কেউ দেয়নি। কিন্তু তেহরান সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। ট্রাম্প ঘোষণা করেন, ইরানের বিরুদ্ধে এখনও পর্যন্ত সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে, যা নজিরবিহীন হতে চলেছে। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, কোনও দেশ বা প্রতিষ্ঠান ইরানকে কোনও ধরনের সহায়তা করলে তাদের ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে। একইসঙ্গে আমেরিকার ‘বন্ধু’ দেশগুলিকেও একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এর মধ্যেই মঙ্গলবার হরমুজ প্রণালীকে ‘মুক্ত’ বলে দাবি করেন ট্রাম্প। তাঁর বক্তব্য, এই মুহূর্তে ইরানের সঙ্গে কোনও আলোচনা চলছে না এবং ভবিষ্যতে আলোচনার কোনও পরিকল্পনাও নেই। তাঁর দাবি, নৌ-অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। একইসঙ্গে হরমুজ প্রণালী সচল রয়েছে এবং সেখানে পাতা সমস্ত মাইনও সরিয়ে দেওয়া হয়েছে।

যদিও ট্রাম্পের এই বক্তব্য সরাসরি নস্যাৎ করেছে ইরান। তেহরানের স্পষ্ট বক্তব্য, আমেরিকা যতক্ষণ না তাদের শর্ত মেনে নিচ্ছে, ততক্ষণ হরমুজ প্রণালী বন্ধই থাকবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির দাবি, ওয়াশিংটনের উদ্দেশ্য ছিল ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা। কিন্তু তেহরান কোনওভাবেই নতি স্বীকার করবে না। বরং তাঁর দাবি, আমেরিকাই এখন নতুন করে আলোচনায় বসার জন্য অনুরোধ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.