আইএসএল ২০২৫-২৬ মরসুম শেষের মুখে এসে শিরোপার লড়াই পৌঁছে গিয়েছে চরম উত্তেজনার পর্যায়ে। এখনও পর্যন্ত নিশ্চিত নয় চ্যাম্পিয়নের নাম। গাণিতিক হিসেবে সাতটি দলের সামনেই খোলা রয়েছে লিগ জয়ের সম্ভাবনা। তবে বাস্তবে নজর এখন একটাই ম্যাচে—রবিবারের কলকাতা ডার্বি।
মঙ্গলবার Mohun Bagan Super Giant-র বড় সুযোগ নষ্ট হয়। Inter Kashi FC-র বিরুদ্ধে গোলশূন্য ড্র করে দুই পয়েন্ট খুইয়েছে সবুজ-মেরুন। সেই ম্যাচ জিততে পারলে ডার্বির আগে শীর্ষে থাকত তারা। বর্তমানে ২২ পয়েন্টে সমান অবস্থানে রয়েছে East Bengal FC এবং মোহনবাগান, তবে গোল পার্থক্যে এগিয়ে থেকে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করে রেখেছে লাল-হলুদ।
East Bengal FC-র সামনে এখন সোনার সুযোগ। বাকি দুই ম্যাচে জয় পেলেই প্রথমবার আইএসএল শিল্ড নিশ্চিত হবে তাদের। দীর্ঘ ২২ বছরের লিগ খেতাবের অপেক্ষাও শেষ হতে পারে। তাদের সামনে রয়েছে ডার্বি এবং শেষ ম্যাচে Inter Kashi FC।
অন্যদিকে Mohun Bagan Super Giant-র সমীকরণও স্পষ্ট—East Bengal FC এবং Sporting Club Delhi-র বিরুদ্ধে শেষ দুই ম্যাচে জিতলেই টানা দ্বিতীয়বার আইএসএল ট্রফি ঘরে তুলবে তারা। কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব চিন্তা বাড়াচ্ছে সমর্থকদের।
শুধু কলকাতার দুই প্রধান নয়, শিরোপার দৌড়ে এখনও টিকে রয়েছে Jamshedpur FC, Punjab FC, Mumbai City FC, Bengaluru FC এবং FC Goa। তবে তাদের ভাগ্য অনেকটাই নির্ভর করছে ডার্বির ফলাফলের উপর।
সমীকরণ যতই জটিল হোক, বাস্তব বলছে—রবিবারের কলকাতা ডার্বিই নির্ধারণ করে দিতে পারে আইএসএল শিল্ডের ভবিষ্যৎ। জয়ী দল পৌঁছে যাবে শিরোপার দরজায়, আর ড্র হলে নতুন করে আশা দেখবে বাকি প্রতিদ্বন্দ্বীরা। কলকাতার ফুটবল আবেগ এখন তাই রবিবারের ৯০ মিনিটের অপেক্ষায়।







