রাজ্য

ইথিওপিয়ার হেইলি গুব্বি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছাই দ্রুত ভারতে, দিল্লির আকাশে পৌঁছেছে বিশাল অ্যাশ ক্লাউড

ইথিওপিয়ার বহুদিন সুপ্ত থাকা হেইলি গুব্বি আগ্নেয়গিরি রবিবার ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত শুরু করার পর বিশাল ছাইয়ের মেঘ দ্রুত গতিতে ভারতের দিকে ধেয়ে আসে। গত ১০ হাজার বছরে প্রথমবার এত শক্তিশালী অগ্ন্যুৎপাত হয়ে ২৫,০০০–৪৫,০০০ ফুট উচ্চতা পর্যন্ত ছাই আকাশে ছড়িয়ে পড়ে। আবহাওয়াবিদরা জানান, সোমবার রাত ১১টা নাগাদ সেই অ্যাশ ক্লাউড দিল্লির আকাশে পৌঁছে যায়।

ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ছাইয়ের মেঘ প্রথমে জোধপুর–জয়সলমির হয়ে দেশের আকাশে ঢোকে। ঘণ্টায় প্রায় ১২০–১৩০ কিমি বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে এটি রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং আংশিকভাবে গুজরাতের ওপর ছড়িয়ে পড়ে। রাতের মধ্যে এর প্রভাব পাঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশের পাহাড়ি অঞ্চল এবং হিমাচলেও পৌঁছতে পারে বলে পূর্বাভাস।

তবে বিশেষজ্ঞদের মতে, ছাইয়ের বেশিরভাগ অংশ অত্যন্ত উচ্চস্তরে ভাসমান, তাই সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর বড় কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। মাটিতে অল্প পরিমাণ ছাই পড়লেও তা নগণ্য বলে মনে করা হচ্ছে। বরং ভোরের আলো ছাইয়ের কণায় প্রতিফলিত হয়ে আকাশে অস্বাভাবিক রঙের উজ্জ্বলতা দেখা যেতে পারে।

বিমান চলাচলে সতর্কতা জারি
আগ্নেয়গিরির ছাই বিমান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। সে কারণে DGCA সমস্ত এয়ারলাইন্সকে আগেভাগেই রুট পরিবর্তন, অতিরিক্ত জ্বালানি এবং অ্যাশ ক্লাউড এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে। ছাইমণ্ডলের উচ্চতা বেশি হওয়ায় দেশীয় উড়ান ওঠা-নামায় বড় সমস্যা হবে না, তবে পশ্চিম এশিয়া–মধ্যপ্রাচ্য রুটে আন্তর্জাতিক ফ্লাইটে দেরির সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যেই বেশ কয়েকটি বিমানে প্রভাব পড়েছে—কোচি থেকে দুবাই ও জেদ্দার দুটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। KLM-এর অ্যামস্টারডাম–দিল্লি রুটের দুটি উড়ানও বাতিল। এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও আকাসা এয়ার জানিয়েছে, পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

বিশেষজ্ঞরা জানান, আতঙ্কের কিছু নেই। তবে পরবর্তী ২৪ ঘণ্টা বিমান চলাচল নজরদারিতে রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.