আইপিএল ২০২৫ মরশুমে উত্তাপ এখন জয়পুরে। আজ সাওয়াই মানসিং স্টেডিয়ামে ঘরের মাঠে ফিরেছে রাজস্থান রয়্যালস, যেখানে অপেক্ষা করছে দুর্দান্ত ছন্দে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। একদিকে রাজস্থানের ঘরের মাঠের সুবিধা, অন্যদিকে ব্যাঙ্গালুরুর দুরন্ত অ্যাওয়ে রেকর্ড – টক্কর হবে জমজমাট।
এই মরশুমে ঘরের বাইরে গিয়ে মুম্বই, চেন্নাই ও কলকাতার মতো শক্ত ঘাঁটি দখল করেছে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। অ্যাওয়ে ম্যাচে যেখানে তারা প্রতি উইকেটে করে ৩৯.৬ রান, সেখানে ঘরের মাঠে সংখ্যাটা নেমে আসে ২২.১-তে। বল হাতে দূরে গিয়ে বেঙ্গালুরুর বোলারদের গড় ২১.২ – যা তাদের ধার ও ভার বোঝায়।
অন্যদিকে রাজস্থানের বোলিং ধীরে ধীরে ছন্দে ফিরছে। জোফ্রা আর্চার এখন অনেক বেশি কার্যকরী, আর স্যান্ডীপ শর্মা তো বিরাট কোহলির জন্য এক প্রকার দুঃস্বপ্ন। তাকে আইপিএলে সাতবার আউট করেছেন সন্দীপ। এই লড়াই এবার কতটা প্রভাব ফেলবে ম্যাচে, তা দেখার বিষয়। লিয়াম লিভিংস্টন এবং রজত পাটিদারও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন একাই।
গরমের তাপে দুপুর তিনটে ত্রিশে ম্যাচ শুরু হলে খেলোয়াড়দের জন্য এটা হবে শক্তির বড় পরীক্ষা। তবে স্টেডিয়ামে উত্তাপ আরও চড়াবে দুই দলের তরুণ ভারতীয় ব্রিগেড। কারা পাবে শেষ হাসি, তার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।







