প্রায় চার বছরের প্রতিক্ষা শেষ।আজ কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের উদ্বোধন। পয়লা বৈশাখের আগের দিন বহু প্রতীক্ষিত কালীঘাট স্কাইওয়াকের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। তারপর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে এই উড়ালপথ। ইতিমধ্যেই এস পি মুখার্জি রোডের উপর উদ্বোধনী মঞ্চ তৈরির কাজ প্রায় শেষ।
এখন স্কাইওয়াকের ‘ফিনিসিং টাচ’ চলছে। এই পথে হেঁটে মন্দির দর্শন করবেন মুখ্যমন্ত্রী। স্কাইওয়াকের মূল অংশটির দৈর্ঘ প্রায় ৪৩৫ মিটার। এস পি মুখার্জি রোড থেকে কালী টেম্পল রোড ধরে তা সোজা চলে গিয়েছে মন্দির চত্বরে। পাশাপাশি কালীঘাটের ফায়ার ব্রিগেডের দিক থেকেও একটি ৩০ মিটার দীর্ঘ ফ্ল্যাংক বা শাখা স্কাইওয়াকের সঙ্গে যুক্ত হয়েছে। সেখান দিয়েও মন্দিরে আসা যাবে। প্রবেশ এবং প্রস্থান পথ সহ বিভিন্ন অংশে মোট পাঁচটি মাথায় চূড়া বা ডোম বসানো হয়েছে। রয়েছে চলমান সিঁড়ি ও লিফট। পাশাপাশি স্কাইওয়াকের পাশে থাকা নতুন হকার্স মার্কেটের তিনতলা থেকেও প্রবেশ এবং বেরনোর সুযোগ থাকছে। এর পাশাপাশি কালী টেম্পল রোড থেকে দখলদার সরিয়ে রাস্তা ও ফুটপাত চওড়া করা হয়েছে।
স্কাইওয়াক অর্ধ গোলাকার লোহার কাঠামো সহ আধুনিক পলিকার্বনেট শিটে মুড়ে তৈরি। এক পুরকর্তা বলেন, এস পি মুখার্জি রোড, ফায়ার ব্রিগেড দিয়ে মহিম হালদার স্ট্রিট ধরে গুরুপদ হালদার পাড়া রোড, সদানন্দ রোড, কালী টেম্পল রোড সহ মোট পাঁচটি জায়গায় স্কাইওয়াকে ঢোকা ও বেরনোর গেট রয়েছে। মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে চূড়া ও তার গায়ের ডিজাইন হয়েছে। বিশেষ শিটের উপর ফুটে উঠেছে কালীর মুখ, মন্দির, জবা ফুল ইত্যাদির প্রতিকৃতি।







