এশিয়ান চ্যাম্পিয়নশিপের মঞ্চে নিশ্চিত সোনা হাতছাড়া। অনূর্ধ্ব-১৮ বিভাগে ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় অবিশ্বাস্য ভুল করে বসলেন ভারতের তরুণ তুর্কি নীতিন গুপ্ত। জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছেও অতি আত্মবিশ্বাসের খেসারত দিলেন তিনি।
উত্তরপ্রদেশের এই সম্ভাবনাময় অ্যাথলিট চিনের প্রতিদ্বন্দ্বী ঝু নিংহাওয়ের থেকে প্রায় ৫০ মিটার এগিয়ে ছিলেন। কিন্তু ফিনিশিং লাইনের আগেই জয়ের উল্লাসে মেতে ওঠেন নীতিন। সেই সুযোগের সদ্ব্যবহার করে ঝু নিংহাও শেষ মুহূর্তে বাজিমাত করেন। ২০ মিনিট ২১.৫০ সেকেন্ড সময়ে দৌড় শেষ করে সোনা জেতেন তিনি। নীতিনের ঘড়িতে সময় ওঠে ২০ মিনিট ২১.৫১ সেকেন্ড।
শ্বাসরুদ্ধকর এই পরাজয়ে হতাশ হলেও, নজির গড়েছেন ১৭ বছরের নীতিন। এই প্রতিযোগিতায় রুপো জিতে তিনিই প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে অনূর্ধ্ব-১৮ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক ছিনিয়ে আনলেন। শুধু তাই নয়, নীতিন অনূর্ধ্ব-২০ বিভাগে ৫০০০ মিটার হাঁটা প্রতিযোগিতায় বিশ্বরেকর্ডেরও মালিক। জাতীয় যুব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৯ মিনিট ২৪.৪৮ সেকেন্ডে হেঁটে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। সামান্য ভুলে সোনা হাতছাড়া হলেও, নীতিনের এই কৃতিত্ব নিঃসন্দেহে দেশের ক্রীড়াজগতে এক নতুন দিগন্ত উন্মোচন করল।







