মুর্শিদাবাদ জেলার নবগ্রামের গুঁড়ো হালদারপাড়া এলাকায় ঘটল এক মর্মান্তিক ও রহস্যজনক ঘটনা। বুধবার গভীর রাতে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক দম্পতি—স্বামী শক্তি হালদার (৬৫) ও স্ত্রী সাধনা হালদার (৫৫)। তাদের এই আকস্মিক মৃত্যুতে হতভম্ব স্থানীয় বাসিন্দারা থেকে শুরু করে গোটা পরিবার।
পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে তিন সন্তান রয়েছে—এক ছেলে, যিনি এখনও অবিবাহিত, এবং দুই মেয়ে, যাদের বিয়ে হয়ে গেছে। পরিবারে কোনোরকম অশান্তি বা কলহের ইঙ্গিত ছিল না বলেই জানিয়েছেন প্রতিবেশীরা। বরং সম্পূর্ণ স্বাভাবিক ও শান্ত একটি পরিবার হিসেবেই তাদের চেনা যেত। তাই হঠাৎ করে এই আত্মঘাতী সিদ্ধান্তে এলাকাবাসী বুঝে উঠতে পারছেন না কী এমন ঘটল, যার ফলে এই দম্পতি এমন চরম পদক্ষেপ নিতে বাধ্য হলেন।
বাড়ির লোকজন জানিয়েছেন, রাতে হঠাৎ করেই এই ঘটনা শুনে শক্তিবাবু ও সাধনাদেবী কে দ্রুত তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতদের আত্মহত্যার সঠিক কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্য ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে।
এই অস্বাভাবিক ঘটনার পিছনে কোনো গোপন মানসিক চাপ, পারিবারিক সংকট না কি আর্থিক সমস্যা লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখছে প্রশাসন। এলাকাবাসীর একটাই প্রশ্ন—যাঁরা এতটা শান্ত ও নিরুপদ্রব জীবনযাপন করতেন, তাঁদের জীবনে এমন মর্মান্তিক পরিণতির নেপথ্যে আদতে কী কারণ?







