একটি রেস্তরাঁয় নিরামিষ বিরিয়ানির অর্ডার দিয়ে ইচ্ছাকৃতভাবে আমিষের হাড় মেশানোর অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। উদ্দেশ্য ছিল বিল না মেটানো। গোটা ঘটনাটি ধরা পড়ে রেস্তরাঁর সিসিটিভি ক্যামেরায়।
জানা গেছে, উত্তরপ্রদেশের গোরক্ষপুরের শাস্ত্রী চক এলাকার এক খাবারের দোকানে রাতে খেতে যান প্রায় আট-দশ জন যুবক। তাঁদের মধ্যে কেউ নিরামিষ, কেউ আমিষ বিরিয়ানি অর্ডার দেন এবং আলাদা টেবিলে বসেন। খাবার আসার কিছুক্ষণ পরই এক তরুণ অভিযোগ তোলেন—নিরামিষ খাবারে মাংসের হাড় রয়েছে। এই অভিযোগ ঘিরে শুরু হয় তীব্র বচসা ও উত্তেজনা।
রেস্তরাঁর মালিক প্রথমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও সফল হননি। পরে তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে যখন সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে, তখনই ধরা পড়ে মূল ঘটনা।
ফুটেজে দেখা যায়, আমিষ বিরিয়ানি খাওয়া বন্ধুদের প্লেট থেকে হাড় তুলে নিজের প্লেটে রাখছেন নিরামিষ অর্ডার দেওয়া তরুণরা। পরে পুলিশের জেরায় তাঁরা স্বীকার করেন, ইচ্ছাকৃতভাবে রেস্তরাঁর সঙ্গে প্রতারণা করতেই এই পরিকল্পনা করেছিলেন।
পুলিশ সূত্রে খবর, ওই তরুণদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।







