কায়রো: আন্তর্জাতিক শুটিং মঞ্চে ফের সাফল্যের নজির গড়ল ভারত। মিশরের কায়রোতে চলতি ISSF বিশ্বকাপে পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতে ভারতের পদক তালিকায় প্রথম নাম লেখালেন উদয়বীর সিধু। ১১ অক্টোবরের এই জয় তাঁর বিশ্বকাপ কেরিয়ারের প্রথম পদক। আর প্রথম পদকেই সোনা জিতে নজর কাড়লেন এই ভারতীয় শুটার।
প্রতিযোগিতার ফাইনালে শুরু থেকেই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ২৪০.৬ পয়েন্ট সংগ্রহ করে সেরার শিরোপা ছিনিয়ে নেন উদয়বীর। মাত্র ০.৫ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েন জার্মানির ক্রিশ্চিয়ান রেইটজ। তাঁর ঝুলিতে আসে ২৪০.১ পয়েন্ট নিয়ে রুপোর পদক। উল্লেখ্য, রেইটজ ২০১৬ সালের রিও অলিম্পিকে ২৫ মিটার র্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনাজয়ী।
অন্যদিকে, ২১৯.৮ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জেতেন ইতালির পাওলো মন্না।
বিশ্বকাপের মঞ্চে উদয়বীরের এই সাফল্য ভারতীয় শুটিংয়ের জন্য নিঃসন্দেহে বড় প্রাপ্তি। প্রথম বিশ্বকাপ পদকেই সোনা জিতে আন্তর্জাতিক স্তরে নিজের দক্ষতার প্রমাণ দিলেন তিনি।







