এক সময়ের দুর্গ ছিল চেপক। কিন্তু আইপিএল ২০২৫-এ সেখানে হানা দিয়েছে চারটি দল। এবার যদি পাঞ্জাব কিংসও সেই তালিকায় যুক্ত হয়, তাহলে চেন্নাই সুপার কিংসের প্লে-অফে যাওয়ার ক্ষীণ আশাটুকুও বিলীন হয়ে যাবে। এমন এক সন্ধিক্ষণে আজ বুধবারের ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে।
চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং স্পষ্ট বলেছেন—নভেম্বরের মেগা নিলামের পর থেকেই দলের ভারসাম্য হারিয়েছে। এখনো পর্যন্ত ২১ জন খেলোয়াড় ব্যবহার করা হয়েছে, যা বোঝায় কতটা খোঁজ চলছে কার্যকর কম্বিনেশনের। যদিও দল ভবিষ্যতের কথা ভেবে আয়ুষ মাটারে, ডেওয়াল্ড ব্রেভিসদের সুযোগ দিচ্ছে, প্রস্তুত রাখা হচ্ছে রামকৃষ্ণ ঘোষ-ভান্শ বেদিদেরও। তবে বাস্তবতা বলছে, এ ম্যাচে হারলেই বিদায়ঘণ্টা।
অন্যদিকে পাঞ্জাবের সামনে আবার সুযোগ ফিরে আসার। ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আর্যর ব্যাটে শুরুটা ঝড়ো হলেও মিডল অর্ডারে ম্যাক্সওয়েল ও ইনগ্লিসের ব্যর্থতা রয়ে গেছে। পাঞ্জাবের মিডল অর্ডারের স্ট্রাইক রেট ও গড় টুর্নামেন্টে অন্যতম খারাপ। কলকাতার বিপক্ষে মার্কো ইয়ানসেনকে পাঁচে তুলে পরীক্ষায় নামানো হলেও ফল মেলেনি। তবে সেক্ষেত্রে স্টোইনিসকে ফেরানোর কথাও উঠছে—যিনি ২০২৪ সালে এই চেপকেই ঝড় তুলেছিলেন শতরানে।
চেন্নাইয়ের আরেকটা বড় সমস্যা—চেপকের পিচ রহস্যই রয়ে গেছে। ২০১০ সালে পিচ রিলে করার পর থেকেই সেটা ধরা-ছোঁয়ার বাইরে। এমএস ধোনি স্পষ্ট বলেছেন, “এখনো আমরা নিশ্চিত নই উইকেটটা কেমন হবে।” তার ওপর শিশির সমস্যা বাড়াচ্ছে বোলারদের দুর্ভোগ।
সব মিলিয়ে আজকের ম্যাচ কেবল দুই পয়েন্টের জন্য নয়—দুই দলের ভবিষ্যৎ দিক নির্ধারণেও গুরুত্বপূর্ণ।







