দেশ

উত্তরবঙ্গ করিডর ঘিরে তৎপরতা, নেপাল সীমান্তে ধৃত খালিস্তানি জঙ্গি

নেপাল সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় বড়সড় সন্ত্রাসবাদী হুমকির ইঙ্গিত মিলছে। সম্প্রতি বিহার-নেপাল সীমান্ত থেকে চার চিনা নাগরিককে গ্রেফতারের ঘটনার পর এবার উত্তরবঙ্গ করিডরের খুব কাছেই ধরা পড়ল খালিস্তানি জঙ্গি কাশ্মীর সিং গালওয়াদ্দি ওরফে বলবীর সিং। এনআইএ সূত্রে জানা গিয়েছে, দশ লক্ষ টাকার মাথার দাম থাকা এই জঙ্গি দীর্ঘদিন নেপাল থেকে ভারত-বিরোধী কার্যকলাপ চালাচ্ছিল।

২০১৬ সালে পঞ্জাবে জেল ভাঙার ঘটনায় যুক্ত ছিল কাশ্মীর। বব্বর খালসা ইন্টারন্যাশনাল ও রিন্দা সংগঠনের সক্রিয় সদস্য সে। এনআইএ-র দাবি, হাওয়ালার মাধ্যমে অর্থ সংগ্রহ এবং জঙ্গিদের লজিস্টিক সাপোর্ট দেওয়াই ছিল তার কাজ।

গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নেপাল সীমান্ত ব্যবহার করেই এরা বাংলা ও বিহারে প্রবেশের চেষ্টা করছিল। ধৃত চিনা নাগরিকদের পাশাপাশি কাশ্মীর সিংকেও জেরা করছে এনআইএ।

বিশেষজ্ঞদের মতে, বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে নেপাল সীমান্ত। সহজেই নেপালে আশ্রয় নিয়ে প্রয়োজনমতো ভারতে ঢুকে পড়ছে জঙ্গিরা। বিশেষ করে উত্তরবঙ্গ করিডর হয়ে ঢোকার চেষ্টা বাড়ছে। ফলে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রী আগেই জানিয়েছেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে। ভারতের ডিজিএমও-ও প্রেস ব্রিফিংয়ে জানান, সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা চলছে, যার পিছনে পাক সেনার হাতও থাকতে পারে। ফলে উত্তরবঙ্গ সহ গোটা সীমান্তজুড়ে বাড়তি সতর্কতায় রয়েছে প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.