৩৭০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করেছে গেরুয়া ব্রিগেড। এনডিএ-কে দেওয়া হয়েছে ৪০০ আসনের টার্গেট। অপরক্ষেত্রে, বিজেপি একাই দখলে রাখতে চাউছে ৩৭০টি আসন। শীর্ষ নেতৃত্বের তরফে লক্ষ্যপূরণকে কেন্দ্র করে কৌশল প্রস্তুতিতে বৈঠকও সম্পন্ন হয়েছে একাধিকবার। তবে এই ৩৭০ আসন দখল বাস্তবে কতটা সম্ভবপর?
প্রশান্ত কিশোরের উবাচ, ‘বিজেপি একা যদি ৩৭০ আসন জেতে তবে ভীষণই অবাক হব। কারণ সেই সম্ভাবনা খুবই ক্ষীণ, বলা যেতে পারে প্রায় শূন্য।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও সংসদে একই সুর শোনা গিয়েছে। ৩৭০ আসন জয়ের বিষয়ে আশাবাদী তিনি। তবে আমার মনে হয় এটি শুধুমাত্র বিজেপি কর্মীদের একটি মাত্রা লক্ষ্যমাত্রা, সম্ভাবনা নয়।’
প্রশান্ত কিশোরের কথায়, ‘ইন্ডিয়া জোট দেরিতে কাজ করা শুরু করেছে। যে কাজ গত বছরে করা উচিত ছিল তা তারা এখন করছে। গত বছর ইন্ডিয়া জোটে ৭-১০ দিনে বেশি কাজ করেনি। রাহুল গান্ধী যদি সাত দিনের জন্য ইউরোপ সফরে যেতে পারে তাহলে কেন গত বছর ইন্ডিয়া জোট গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে রাখতে পারল না?’ ইন্ডিয়া জোটকে উদ্দেশ্য করে তাঁর পরামর্শ, ‘বিরোধী জোটকে এখন ২০২৪-এর লোকসভা বাইরে ফোকাস করতে হবে।’







