২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বহুলচর্চিত স্লোগান ছিল ‘খেলা হবে’। সেই স্লোগানকে কেন্দ্র করেই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ অগস্ট দিনটিকে ‘খেলা হবে দিবস’ হিসেবে পালনের ঘোষণা করেছিলেন। এবার সেই সিদ্ধান্তে বড় পরিবর্তন আনল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী দিনে ১৬ অগস্ট আর ‘খেলা হবে দিবস’ হিসেবে পালন করা হবে না। পরিবর্তে এই দিনটি ‘আয়ুষ্মান দিবস’ হিসেবে পালন করা হবে। রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় দলীয় নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, ১৬ অগস্ট কলকাতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বেদনাদায়ক দিন। ১৯৪৬ সালের এই দিনেই ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’-এর ঘটনা ঘটেছিল। তাঁর দাবি, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট মাথায় রেখেই এই দিনটিকে নতুনভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ৭০ বছরের বেশি বয়সী সমস্ত নাগরিক এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি যোগ্য ব্যক্তিদেরও আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। যারা এই সুবিধা পাবেন না, তাঁদের জন্য রাজ্যের স্বাস্থ্য বিমা প্রকল্প চালু থাকবে বলেও জানান তিনি।
এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও আগের সরকারের বিরুদ্ধে সরব হন শুভেন্দু। তাঁর দাবি, নতুন সরকার অল্প সময়ের মধ্যেই বিপুল সংখ্যক উপভোক্তার কাছে সুবিধা পৌঁছে দিয়েছে। তবে সরকারি প্রকল্পে যোগ্যতার নিয়ম মানা হবে এবং অযোগ্যদের বাদ দেওয়া হবে বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, ১৬ অগস্টের এই নাম পরিবর্তন তৃণমূল সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বদলের মধ্যে পড়ছে। ‘খেলা হবে দিবস’ থেকে ‘আয়ুষ্মান দিবস’—নতুন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।







